আশিকুর রহমান আশিক ঃ
শিশু মাতৃগর্ভে আসার প্রথম দিন থেকে পরবর্তী ১০০০ দিন মা ও শিশুর সুস্বাস্থ্য এবং শিশুর ভবিষ্যৎ বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নার্সদের মধ্যে এই জ্ঞান বৃদ্ধি ও প্রশিক্ষণের জন্য নেস্লে নিউট্রিশন ইন্সটিটিউট (এন এন আই) দেশজুড়ে ‘হাজার দিনের পথচলা’ শীর্ষক ৬৬ দিনব্যাপি পুষ্টি বিজ্ঞান মেলা আয়োজন করেছে। পুষ্টি বিজ্ঞান মেলা উপলক্ষে এন এন আই-এর একটি বিশেষ বাহন (ক্যারাভান) ৬৪টি জেলা পরিভ্রমণ করবে। এ পুষ্টি বিজ্ঞান মেলায় সারাদেশ থেকে ১০০০০ জন নার্সকে প্রশিক্ষিত করে তোলা হবে।
এ আয়োজনের অংশ হিসেবে বুধবার (১৯ অক্টোবর) কুমিল্লার শিল্পকলায় দিনব্যাপী এ পুষ্টি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। এদিন মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অতিঃ জেলা প্রশাসক (সাধারণ) মো. মনিরুজ্জামান তালুকদার, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমপিএ) কুমিল্লা জেলার সভাপতি ড. এ.কে.এম আব্দুস সেলিম, কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রোকেয়া বেগম, শিশু বিশেষজ্ঞ ডা. মো. এম এ সাত্তার, শিশু বিশেষজ্ঞ ডা. মো জসিম উদ্দীন, শিশু বিশেষজ্ঞ ডা. শহীদুল ইসলাম রিপন এবং শিশু বিশেষজ্ঞ ডা. আমান উল্লাহ। এদিন মেলায় ১৭০ জন নার্স অংশগ্রহণ করেন।

অনুষ্ঠিত এ মেলায় অডিও-ভিডিও প্রদর্শনী, বায়োস্কোপ, পুষ্টি বিষয়ক কুইজসহ নানা কার্যক্রমের মাধ্যমে নার্সদের গর্ভ ও প্রসবকালীন সময়ের প্রস্তুতি, নিরাপদ প্রসব ব্যবস্থাপনা, প্রসবের সময় গোল্ডেন মিনিট ও এর ১০টি প্রধান ধাপ, মাতৃদুগ্ধের উপকারিতা, শিশুকে গরুর দুধ দেয়ার অসুবিধা, কোষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা রোধে ল্যাকটোব্যাসিলাস রিউটারির ভূমিকা এবং সুষম খাদ্যবিন্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজ গত ৮ অক্টোবর ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘হাজার দিনের পথচলা’ কর্মসূচির উদ্বোধন করেন।


















































