মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে নববধূকে হত্যা, স্বামী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১০.২০১৬

ak-34

জাকির হোসেন হাজারি, দাউদকান্দি ঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সুমাইয়া বেগম (১৮) নামে এক নববধূকে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী সফিউল্লাহ (২৫)। এ ঘটনার পর সফিউল্লাহকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সুমাইয়া বেগম কুমিল্লার মুরাদনগর উপজেলার সর্মাকান্দা গ্রামের রাজা মিয়ার মেয়ে। সফিউল্লাহ দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের হারুন রশিদ মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, সফিউল্লাহ মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য প্রায়ই তিনি তার বাবা-মাকে প্রায় মারধর করতেন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে নেশার টাকার জন্য স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এসময় সফিউল্লাহ সুমাইয়াকে পিটিয়ে ও গলাটিপে হত্যা করে। পরে সফিউল্লাহর মা-বাবা থানায় খবর দিলে দুপুরে পুলিশ এসে ঘর থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে।

নিহত সুমাইয়ার বাবা রাজা মিয়া বাংলানিউজকে বলেন, সফিউল্লাহ মাদকাসক্ত থাকায় আমরা বিয়ে দিতে রাজি হইনি। কিন্তু সুমাইয়ার পছন্দ তাই বিয়ে দিতে বাধ্য হই। তবে এভাবে ওকে হত্যা করবে তা চিন্তাও করিনি।

সফিউল্লাহর বাবা হারুন রশিদ মোল্লা বাংলানিউজকে বলেন, সফিউল্লাহর হুমকিতে তাকে আমরা বিয়ে দিই। বিয়ের পর তার উৎপাত বেড়ে যাওয়ায় গৌরিপুর পুলিশ ফাঁড়িতে ধরিয়ে দিই। কিন্তু পুলিশ তাকে জেলহাজতে না পাঠিয়ে ছেড়ে দেয়।

দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সুমাইয়ার গলায় আঘাতের চিহ্ন দেখে মনে হয় তাকে গলাটিপে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সফিউল্লাহ হত্যার দায় স্বীকার করেছেন বলে জানান কামরুল ইসলাম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি