ডেস্ক রিপোর্ট :
অনেকটা আশা নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। তবে সবাইকে হতাশ করে আগের দিনের ৫ উইকেটে ২৩৫ রানের সঙ্গে মাত্র ১৩ রান যোগ করতেই শেষ বাকি ৫ উইকেট।
যেখানে টাইগাররা স্বপ্ন দেখছিল লিড নেওয়ার উল্টো সেখানে ৪৫ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করলো মুশফিক বাহিনী।
তৃতীয় দিনের দ্বিতীয় বল, স্পিন উপযোগী উইকেটে বল করছেন একজন স্পিনার, সিনিয়র খেলোয়াড় হিসেবে তাঁর কাঁধে রাজ্যের দায়িত্ব; দল পিছিয়ে ৭২ রানে। কিন্তু সাকিব মাথায় রাখলেন না কিছুই। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মঈন আলীকে আছড়ে ফেলতে চাইলেন সীমানার ওপারে। কিন্তু তা হলো না। উল্টো বল চলে গেল উইকেটের পেছনে দাঁড়ানো জনি বেয়ারস্টোর গ্লাভসে। স্টাম্প ভাঙতে কোনো অসুবিধাই হয়নি তাঁর। ৩১ রানেই শেষ তাঁর সম্ভাবনাময় ইনিংসটি। ফিরেছেন শফিউল আর মেহেদী হাসানও।
দলের সবচেয়ে অন্যতম অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন শটটি দেখল বাংলাদেশ। প্রথম ইনিংসে লিড নেওয়ার স্বপ্নটাও এই মুহূর্তে কেন যেন একটু ফিকে। দুই অভিষিক্ত সাব্বির রহমান আর মেহেদী হাসানের ব্যাটিং প্রতিভা প্রশ্নাতীত, কিন্তু তারপরেও কেন যেন একটু সন্দেহ থেকেই যাচ্ছে।
যদিও সাকিবের আউটের পর উইকেটে এসে সাব্বির শুরুটা দারুণ করেছেন। কিছুটা ওয়ানডে স্টাইলেই ব্যাট করে ২০ বলে ১৫ করেছেন তিনি। আছে ৩টি চারের মার। নাইট ওয়াচ ম্যাচ শফিউল কিন্তু তাঁর দায়িত্ব ঠিকমতোই পালন করেছেন। ২৮ বল খেলে ২ রান করে আউট হয়েছেন তিনি। আদিল রশিদের বলে আউট হয়েছেন তিনি। স্টোকসের বলে এলবিডব্লিউ হয়েছেন মেহেদী।
মঈন আলী দারুণ বল করছেন। ৭৫ রানে তিনি নিয়েছেন ৩ উইকেট। আদিল রশিদ, বেন স্টোকস-দুজনেই নিয়েছেন ২টি করে উইকেট। গ্যারেথ ব্যাটিতুলে নিয়েছেন ২ উইকেট।
৪৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেই বাংলাদেশের ঘূর্ণির সামনে অসহায় ইংলিশরা। মেহেদী হাসান সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের বোলিংয়ে পঞ্চাশ না পেরোতেই ৪ উইকেট হারিয়েছে তারা। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের সকালটা যেন ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্নের সকাল হয়েই এসেছে। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৮।
এই প্রতিবেদন লেখার সময় ৫০ ওভার শেষে ১৪৪ রানে ৫ উইকেট হারিয়েছে ইংলিশরা।
ইংল্যান্ডের চেয়ে ৭২ রান পিছিয়ে থেকে তৃতীয় দিনের সকালটা শুরু করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় লিড নেওয়া হয়নি বাংলাদেশের। তবে ৪৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংলিশ ব্যাটসম্যানরাও পড়তে পারেননি উইকেটের ভাষা।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের প্রথম সাফল্য অ্যালিস্টার কুক। ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড ছোঁয়ার ম্যাচটি ভুলেই যেতে চাইবেন ইংলিশ অধিনায়ক। প্রথম ইনিংসে বাজে আউটের শিকার হওয়া কুক এই ইনিংসে ফিরেছেন মেহেদীর বলে স্লিপে মাহমুদউল্লাহকে ক্যাচ দিয়ে। টেস্টে নিজের সপ্তম উইকেটটি পেলেন মেহেদী।
কুকের বিদায়ের পর জো রুটকে এলবিডব্লিউ করে ফেরান সাকিব আল হাসান। এটি ছিল টেস্ট ক্রিকেটে দেশের হয়ে সাকিবের ১৫০তম উইকেট। রুট রিভিউ নিলেও সেটি ধোপে টেকেনি। শর্ট লেগে মুমিনুল হককে ক্যাচ দিয়ে সাকিবের ১৫১তম উইকেট হয়েছেন বেন ডাকেট।
মধ্যাহ্ন বিরতির পর মঈন আলী ও গ্যারি ব্যালান্স প্রতিরোধ গড়তে চেয়েছিলেন। তবে ১৮ রানের জুটি গড়তেই বিদায় নিয়েছেন ব্যালান্স। তাইজুলের বলে সুইপ করতে গিয়ে লেগ স্লিপে ইমরুলকে ক্যাচ দিয়েছেন তিনি। ভাগ্য এই ইনিংসেও মঈনের সঙ্গে আছে। সাকিবের বলে তাঁর ব্যাটের কানায় লেগে বল একবার শর্টলেগে দাঁড়ানো মুমিনুলের কাছে গিয়েছিল।
কয়েকবারের চেষ্টায় মুমিনুল বল ধরলেও তা হেলমেটের গ্রিলে আটকে যাওয়ায় আউট হননি মঈন। ৯ রানে অপরাজিত আছেন মঈন। ব্যালান্সের বিদায়ের পর উইকেটে এসেছেন বেন স্টোকস।

























































