মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » তৃতীয় দিনেও স্পিনে কাবু ইংল্যান্ড, ম্যাচে দুদলেরই সমান সুযোগ


তৃতীয় দিনেও স্পিনে কাবু ইংল্যান্ড, ম্যাচে দুদলেরই সমান সুযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১০.২০১৬

ea464eec2c141d31d7f0f790021700d5-walsh

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম টেস্টে প্রথম দিন থেকেই স্পিনারদের দাপট। তৃতীয় দিনেও সেটি অব্যাহত থেকেছে। আজ বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম নামও তাই সাকিব আল হাসান। সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা আশা করেছিলেন সাকিবকেই। কিন্তু আজ বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এলেন কোর্টনি ওয়ালশ!

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ নিশ্চয়ই তাঁর অভিজ্ঞ চোখে দেখতে পাচ্ছেন ম্যাচটির ভবিষ্যৎ। এরই মধ্যে ইংল্যান্ড ২৭৩ রানের লিড নিয়ে ফেলেছে। হাতে তাদের ২ উইকেট। চট্টগ্রামের এই উইকেটে এরই মধ্যে রানটা পাহাড়সম হয়ে গেছে বাংলাদেশের সামনে। লক্ষ্যটা পেরোতে হলে জাদুকরী কিছুই করতে হবে বাংলাদেশকে। এশিয়ায় হওয়া ৬১১টি টেস্টের মধ্যে চতুর্থ ইনিংসে ২৭০-এর বেশি রান তাড়া করে জেতা ম্যাচের সংখ্যা যে মাত্র ১০টি।
উইকেট ও পরিসংখ্যান যাই বলুক আশা হারাচ্ছেন না ওয়ালশ, ‘কাল দ্রুত ওদের দুটি উইকেট তুলে নিতে হবে। এই ম্যাচে এখনো দুই দলেরই সুযোগ আছে। আমরা যতটা আশা করেছিলাম ইংল্যান্ড আজ তার চেয়ে ২০-৩০ বেশি রান করেছে। বোলাররা অসাধারণ লড়াই করেছে। একটা সময় তো খুবই ভালো অবস্থায় ছিলাম আমরা। তবে তারা একটা ভালো জুটি গড়েছে। এটাই টেস্ট ক্রিকেট। স্টোকস (বেন) দায়িত্ব নিয়ে খেলেছে। (জনি) বেয়ারস্টোর সঙ্গে ভালো জুটি গড়েছে। তবে আমার মতে খেলাটা এখনো ভারসাম্য আছে। দ্বিতীয় ইনিংসে আমাদের ভালো ব্যাটিং করতে হবে। যেহেতু অনেক সময় আছে, এই টেস্টে ফল দেখবে।’
উইকেটে পেসারদের সাফল্য পাওয়ার সম্ভাবনা কম, সেটি বোঝা গেছে প্রথম দিনেই। অনুমান সত্যি করে দুই পেসার শফিউল ইসলাম ও অভিষিক্ত কামরুল ইসলাম প্রথম ইনিংসে ছিলেন অনুজ্জ্বল। যদিও দ্বিতীয় ইনিংসে কিছুটা সফল হয়েছেন কামরুল। বেয়ারস্টোকে বোল্ড করে আজ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিয়েছেন তিনি। পেসারদের ওপর তাই আস্থা হারাচ্ছেন না ওয়ালশ, ‘তাদের নিয়ে আমি হতাশ নই। কামরুল একটা উইকেট পেয়েছে, যেটি তাকে আত্মবিশ্বাস দিচ্ছে। সে দেখিয়েছে তার মধ্যে কিছু আছে, যেটা নিয়ে আমরা এগোতে পারি। এটা খুবই ভালো দিক। এই উইকেট ফাস্ট বোলারদের জন্য তেমন কিছু নেই। তবুও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিজেদের যা আছে সর্বোচ্চটা উজাড় করে দিচ্ছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি