পূর্বাশা স্পোর্স ডেস্ক:
আর্জেন্টিনা যেভাবে খোঁড়াচ্ছে, ছবিটা বদলাতে না পারলে সামনে কঠিন বিপদ। বাছাইপর্বে আর্জেন্টিনা পড়ে আছে ৫ নম্বরে। পরের ম্যাচটা আবার ব্রাজিলের বিপক্ষে। ব্রাজিলের মাঠে, যে ব্রাজিল এ মুহূর্তে আছে দুর্দান্ত ছন্দে।
বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচ জয়ের দেখা না পাওয়া আর্জেন্টিনার জন্য আপাতত একটাই সুসংবাদ। লিওনেল মেসি ফিরেছেন দলে। ব্রাজিল মহারণের জন্য ঘোষিত দলে কোচ বাউজা রেখেছেন সার্জিও আগুয়েরোকেও। ক্লাবের হয়ে বিস্ফোরক ফর্মে থাকা যে আগুয়েরো গত ম্যাচেও ডুবিয়েছেন দলকে।
আর্জেন্টিনাজুড়ে চলা তীব্র সমালোচনার পরও কোচ আস্থা রেখেছেন ম্যান সিটি স্ট্রাইকারে। বাছাইপর্বে পাঁচ ম্যাচে গোল পাননি আগুয়েরো। গত ম্যাচে পেনাল্টিও মিস করেছেন। নিজেদের মাঠে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা।
দলে নেই মার্কোস রোহো, ক্রানেভিতার ও এরিক লামেলা। প্রথমবারের মতো ডাক পেয়েছেন মার্কোস আকুনা ও হুলিও বুফারিনি। এর আগে খেললেও বাউজার অধীনে প্রথম ডাক পেলেন এনজো পেরেজ।
১১ নভেম্বর ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। পাঁচ দিন পর আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। চোটের কারণে গত তিন ম্যাচে না খেলা মেসির ফিরে আসা দলের জন্য স্বস্তিরও। গত ম্যাচে সিটির বিপক্ষে ক্যারিয়ারের ৪১তম হ্যাটট্রিক করা মেসিকে ছাড়া যে আর্জেন্টিনা একেবারেই অচল। তা সে দলে তারকার গাদাগাদি ভিড় থাকুক না কেন।
বিশ্বকাপ বাছাইপর্বে মাত্র তিনটি ম্যাচ খেলতে পেরেছেন মেসি। এই তিন ম্যাচে জিতেছিল আর্জেন্টিনা। আর মেসি খেলেননি এমন বাকি ৭ ম্যাচে আর্জেন্টিনা একটি জিতেছে, চারটি ড্র।
দুটি হার। বাছাইপর্বে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট। মেসি খেলেছেন এমন তিন ম্যাচেই ৯ পয়েন্ট। মেসি খেলেননি এমন ৭ ম্যাচে ৭ পয়েন্ট!

























































