শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গ্যাসলাইন লিকেজের আগুনে মৃত্যুর সঙ্গে লড়ছেন ৫ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৬

 

ডেস্ক রিপোর্টঃ

গ্যাসলাইনের লিকেজ থেকে ধরা আগুনে একই পরিবারের ৪ জনসহ ৫ জন মৃত্যুর সঙ্গে লড়ছেন।

শনিবার  (২২ অক্টোবর) সকালে রাজধানীর জুরাইনের মদিনাবাগ এলাকার মোজাফফরের  টিনসেড বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মো. আজাদ ( ৫০), তার স্ত্রী জিয়াসমিন (৪০), তাদের সন্তান মো. রনি (১৩), আজাদের ভাতিজি শারমিন (২০) এবং প্রতিবেশি শিশু সোহানা আক্তার( ৪)

দগ্ধ আজাদ বাংলানিউজকে বলেন, ‘গত ০১ অক্টোবর মোজাফফরের টিনসেড বাড়ির একটি রুম ভাড়া নেই মাসিক তিন হাজার টাকায়। পরিবার নিয়ে বাড়িতে  ওঠার সঙ্গে সঙ্গেই গ্যাসের গন্ধ পাওয়া যায়’।

আজাদ বলেন, ‘গত ০৫ অক্টোবর গ্যাস লাইনে লিকেজের কারণে একবার  আগুন ধরে আমার মাথার চুল পুড়ে যায়। বিষয়টি বাড়ির মালিক মোজাফফরকে জানানো  হয়। পরে বাড়ির মালিক গ্যাসের লাইনে যেখানে লিক ছিল, সেখানে সিমেন্ট দিয়ে আটকিয়ে দেন’।

শনিবার সকালে ঘুম থেকে উঠে দরজার সামনে দাঁড়িয়ে সিগারেট ধরাতে ম্যাচ জ্বালানোর সঙ্গে সঙ্গে  বিকট শব্দে  আগুন ছড়িয়ে পড়ে। তখন তিনিসহ ঘরের ভেতরে থাকা তিনিসহ তার পরিবারের সদস্যরা দগ্ধ হন বলেও জানান আজাদ।

দগ্ধ আজাদের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার গোপালগঞ্জ গ্রামে।

একটু ভালো থাকার জন্য পরিবার নিয়ে গত ৬ মাস আগে ঢাকায় আসেন আজাদ। স্থানীয় একটি ফ্যাক্টরিতে  শ্রমিক হিসাবে কাজ করেন আজাদ ও
তার স্ত্রী জিয়াসমিন। তার ভাতিজি স্থানীয় পোশাক কারখানার পোশাক শ্রমিক।

দগ্ধ আজাদ বলেন, ‘আমার শরীর পুড়ে যাচ্ছে। আমি আর ঢাকায় থাকুম না। ভাইগো, ডাক্তার সাহেবকে বলেন, আমাগো ছুটি দিয়ে দিতে। আমি পরিবার  লইয়া বাড়ি যামু’।

প্রতিবেশি সোহেল জানান, ঘটনার সময় তার শিশু সন্তান সোহানা আক্তার দরজার  সামনে দাঁড়িয়ে ছিল। এতে সেও দগ্ধ হয়।

ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, সোহানা ছাড়া সবার শ্বাসনালি পুড়ে গেছে, অবস্থা আশঙ্কাজনক। তবে শিশু সোহানাকেও ভালো বলা যাবে না।
আজাদের ৬০ শতাংশ, জিয়াসমিনের ৪৯ শতাংশ, রনির ৪০ শতাংশ,  শারমিনের ৩৮ শতাংশ ও শিশু সোহানার ১০ শতাংশ পুড়ে গেছে বলেও তিনি জানান।

কদমতলী থানার উপ-পরির্দশক নির্মল কুমার দাস  জানান, গ্যাস লাইন লিকেজের কারণেই অগ্নিকাণ্ডে ঘটনাটি ঘটে এবং বাড়ির মালিকের অবহেলা এ দুর্ঘটনার কারণ বলেও তিনি মনে করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি