সোমবার,২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


সম্মেলনে রেহানা, ববি, টিউলিপ কেউ যোগ দেননি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৬

252612_1

ডেস্ক রিপোর্ট ঃ

আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মরণ করলেন ’৭৫-এর ১৫ আগস্ট কালোরাতে নিহত হওয়া বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের। কলঙ্কময় সেই রাতে বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা। কারণ তারা তখন বিদেশে ছিলেন। আওয়ামী লীগের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই সম্মেলনে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা উপস্থিত থাকলেও অনুপস্থিত কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। তিনি বিদেশে আছেন।

কাউন্সিলে আসা নেতা-কর্মীদের কারও কারও মধ্যে ব্যাক্তিগত পর্যায়ে এই নিয়ে অস্বস্তি থাকলেও তা ছিল অনুচ্চারিত। এসব নেতা-কর্মীদের কাউকে কাউকে বলতেও শোনা গেছে যে, শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকও সম্মেলন বিষয়ে কিছু বলেননি।

তারা বলেন, আওয়ামী লীগের সম্মেলন নিয়ে টিউলিপ সিদ্দিকের কোন মন্তব্য আসে নি গণমাধ্যমে। এমনকি তার ফেসবুক পেজেও এই নিয়ে কোন বার্তা নেই। পেজে সর্বশেষ পোস্ট দিয়েছেন তিনি গত ১১ অক্টোবর। ওই পোস্টসহ সাম্প্রতিক দেয়া তার সবগুলো পোস্টই ইংল্যান্ডে তার রাজনৈতিক কার্যক্রম ঘিরে।

সংশ্লিষ্টদের মতে, টিউলিপ যেহেতু একটি দেশে রাজনীতির সঙ্গে জড়িত এবং সেখানকার রাজনীতিতে তার একটা ভাল অবস্থান আছে, তাই আরেকটি দেশের একটি রাজনৈতিক দলের কাউন্সিল নিয়ে কথা বলা তার ঠিক হয় না। এ ক্ষেত্রে সম্মেলনে আসা বিদেশী অতিথিদের তালিকায় তার নাম থাকতে পারত। সে ক্ষেত্রে তার কথা বলার সুযোগ তৈরি হত।

তবে শেখ রেহানার পুত্র রেদোয়ান মুজিব সিদ্দিক ববি গত ২১ অক্টোবর ফেইজ বুক পোস্টে লিখেছেন, “লেটস টক উইথ বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে ইয়াং বাংলা সেক্রেটারিয়েট, সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফর্মেশন (সি.আর.আই) এর উদ্যোগে তরুণদের নিয়ে থাকছে বিশেষ আয়োজন ‘লেটস টক উইথ বাংলাদেশ আওয়ামী লীগ’।

সম্মেলনে আগত তরুণ রাজনীতিবিদ, কর্মী, ডেলিগেট ও অতিথিবৃন্দ সুযোগ পাবেন জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও নীতিনির্ধারকদের সাথে উন্মুক্ত আলোচনার। ‘লেটস টক’সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গত তিন বছর যাবত সি.আর.আই চেষ্টা করে যাচ্ছে দেশের তরুণদের সাথে রাজনীতিবিদ ও নীতিনির্ধারকদের সেতুবন্ধনের। সম্মেলনে আগত তরুণরা চলে আসতে পারেন albd.org এর প্যাভিলিয়নে নিম্নোক্ত সময়ে। সময়ঃ দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা। তারিখঃ ২২ ও ২৩ অক্টোবর, ২০১৬। albd.org প্যাভিলিয়ন, সোহ্‌রাওয়ার্দী উদ্যান, ঢাকা।”

বঙ্গবন্ধুর দ্বিতীয় কন্যা ও তার পরিবারের কোন সদস্যই কেন সম্মেলনে নাই এনিয়ে মিডিয়া কোন রিপোর্ট করেনি। বলা হচ্ছে, রেহেনা বিদেশে আছেন, তাই আসতে পারেননি। রেহেনা না আসলেও সম্মেলনের সফলতা কামনা করে তার পক্ষ থেকে কোন বক্তব্য, বিবৃতিও প্রচার করেনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি