ডেস্ক রিপোর্টঃ
পঞ্চম ও শেষদিনে সকলের প্রত্যাশা, এবার বুঝি টেস্টে জয় পাবে টাইগাররা। কিন্তু শেষ ২ উইকেটের অনাকাঙ্খিত পতন আবারো জয় বিমুখ করে দিলো। জয় ছুঁই ছুঁই করেও যেন পালিয়ে গেল। ফলাফল অবশেষে দুঃখগাথা পরাজয়।
শেষ দিনে প্রয়োজন মাত্র ৩৩ রান। হোতে এখনো ২ উইকেট। দিনের দ্বিতীয় ওভারে বেন স্টোকসের প্রথম বল থেকে ১ রান নেন সাব্বির রহমান। তৃতীয় বলে চার হাঁকান তাইজুল ইসলাম। সব মিলিয়ে ৫ রান নিয়ে ৮০ ওভারের পর লক্ষ্যটা ২৫ রানে নামিয়ে আনেন দুই ব্যাটসম্যান।
কিন্তু এর পরের অধ্যায়টা আর ভালো হলো না। সাব্বির রহমান একাই ওই প্রান্তে দাঁড়িয়ে দেখলেন, বেন স্টোকসের এক ওভারে কীভাবে পরপর ফিরে গেলেন তাইজুল, এরপর শফিউলও। ২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৬৩ রানে অলআউট হলো বাংলাদেশ।
ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড আগের দিন জানান, বাংলাদেশের দুটি ভুলই চট্টগ্রাম টেস্ট তাদের করে দেবে। ১০-১৫ ওভার টিকে থাকলেই বাংলাদেশ জিতবে বলে মনে করেন প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে। পঞ্চম দিনে শিষ্যদের প্রথম ১০-১৫ বল দেখেশুনে খেলার পরামর্শ তার।



























































