শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৪২৫ কোটি টাকার ঋণের সুদ মওকুফ করেছে সরকার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০১৬

moa
নিজস্ব প্রতিনিধি :

বর্তমান সমবায় বান্ধব সরকার ১৩৫ কোটি টাকার কৃষি ঋণের সুদসহ বিভিন্ন পর্যায়ের সমবায়ীদের ৪২৫ কোটি টাকা সুদ মওকুফ করা হয়েছে। এতে প্রায় ৫ লাখ সমবায়ী উপকৃত হয়েছেন।

সোমবার রাজধানীর দিলকুশা সমবায় ফেডারেশন ভবনে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ব্যবস্থাপনা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য প্রকাশ করা হয়।
সভায় ফেডারেশনের সভাপতি মোঃ ইসরাফিল আলম এমপির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা অংশ নেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বি আরডিবি’র মহাপরিচালক মোঃ আবদুল কাইয়ুম ও ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, দেশের সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি গতিশীল ও দেড়কোটি কৃষক সমবায়ীদের জীবন মানোন্নয়নে আবর্তক ঋণ খাতে ৩শ’ কোটি টাকা বরাদ্ধ দেয়ার উদ্যোগ নেয়া হবে। তিনি আরও বলেন ৪৭৭টি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) মিলনায়তনগুলো আধুনিকায়ন করে গ্রামীণ সমবায়ীদের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা হবে। পাশাপাশি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ হতে ইতোমধ্যে ইউসিসিএ’র কর্মচারীদের বেতন ভাতার শতকরা ৭০ ভাগ প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
দরিদ্র, ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি শ্রেণির কৃষকদের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসব সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে সমবায় খাতকে বিকশিত করেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য শূন্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করছেন।
এছাড়া তিনি বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ১০ দফা দাবি-দাওয়া বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি