পূর্বাশা ডেস্কঃ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকা-ের সাত মাস পূর্ণ হয়েছে গত ২০ অক্টোবর। হত্যার দীর্ঘদিন পার হলেও উল্লেখ্যযোগ কোনো অগ্রগতি না থাকায় মামলা নিয়ে আশার আলো দেখছে না তার পরিবার। তনুর হত্যাকারীদের দ্রুত হত্যার বিচার চেয়েছেন তার পরিবার।
তনুর বাবা ইয়ার হোসেন বলেন, সোত মাস পার হলেও মামলার কোনও অগ্রগতি নেই। খুনিরা এখনো ধরা ছোঁয়ার বাহিরে। আমি মেয়ে হারিয়েছি, আমি সেই ব্যথাটা বুঝি। কয়েকদিন আগে সিআইডির কর্মকর্তারা এসে আমার সঙ্গে দেখা করেছেন। তারা বলেছেন- তারা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। কবে এ তদন্ত কাজ শেষ হবে জানি না।
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন হলেও সন্দেহভাজনদের ডিএনএ মেলানো হচ্ছে না। আমরা চাই মামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের যেন শনাক্ত করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত আমি মেয়ের হত্যাকারীদের ফাঁসি দাবি করে যাবো। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি কুমিল্লার এএসপি জালাল উদ্দীন আহমেদ।
সিআইডি সূত্রে জানা গেছে, মে মাসে তনুর পোশাকে পাওয়া নমুনা থেকে তিনজনের ডিএনএ প্রোফাইল পাওয়া গেছে বলে প্রতিবেদন দেওয়া হয়। মামলার সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তার সঙ্গে এ পর্যন্ত প্রায় ১৫ জনের ডিএনএ প্রোফাইল মেলানো হয়েছে। কিন্তু এসব পরীক্ষায় কোনো ফল আসেনি । সর্বশেষ বুধবার ভিক্টোরিয়া কলেজের থিয়েটারের পাঁচ সদস্যকে ফরেনসিক ল্যাবে নিয়ে জিজ্ঞাসাবাদের পর ডিএনএ পরীক্ষার জন্য তাদের রক্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের বাসার পাশের একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। ২১ মার্চ কুমিল্লা মেডিক্যাল কলেজে তার প্রথম ময়নাতদন্ত করেন ডা. শারমিন সুলতানা। ওই দিন অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ড অফিস সহায়ক ইয়ার হোসেন।


















































