স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলায় মসজিদে ভাংচুর ও কোরআন শরীফ অবমাননার ঘটনায় জড়িত মোঃ জাহাঙ্গীর আলমকে (৩৫) আটক করেছে কুমিল্লা ডিবি (জেলা গোয়েন্দা শাখা) ও বি-পাড়া থানা পুলিশ ।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে মিট দ্য প্রেসে কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসাইন মূল অপরাধিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক হওয়া মোঃ জাহাঙ্গীর আলম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদোল গ্রামের মোঃ সামছু মিয়ার ছেলে। সে দীর্ঘ ১০ বছর সৌদিতে ছিল। ২০১২ সালে সে দেশে ফেরত আসে।
কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসাইন জানান, বেশ কয়েকদিন ধরে অনুসন্ধান চালিয়ে কুমিল্লা ডিবি ও বি-পাড়া থানা পুলিশ ২১ তারিখে মূল আসামিকে সনাক্ত করে। ২২ তারিখ সকালে মোঃ জাহাঙ্গীর আলমকে আমরা তার বাসা থেকে আটক করি। পরবর্তীতে সে জিজ্ঞাসাবাদে মসজিদের জানালা ভাংচুর, কোরআন শরীফ অবমাননা ও মিম্বরে টয়লেট করার কথা স্বীকার করে। আজ সোমবার সকালে সে ২ নং আমলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি প্রদান করেছে।
পুলিশ সুপার আরো জানান, ১৯ অক্টোবর ভোররাতে ফজর নামাযের ২ ঘন্টা আগে মোঃ জাহাঙ্গীর আলম ধান্যদৌল বাজার জামে মসজিদের গেইটের তালা তার বাড়ির টিউবওয়েলের হাতল দ্বারা আঘাত করে খুলে ভিতরে প্রবেশ করে অপরাধমূলক কর্মকান্ড চালায়।
এর আগেও চলতি বছরের রোযার ঈদের পরে ও কুরবানির ঈদের আগের মধ্যবর্তী সময়ে একদিন বিকেলে ধান্যদোল চৌধুরী বাড়ি জামে মসজিদে প্রবেশ করে কোরআন শরীফ ছিড়ে ফেলে এই আসামি। ওই সময় স্থানীয় লোকজন তাকে হাতে নাতে ধরে তার বাবার কাছে সোর্পদ করে।
পুলিশ সুপার আরো জানান, মোঃ জাহাঙ্গীর আলম মানসিক ভারসাম্যহীন বলেই পরিচিত। সে অপরাধ স্বীকার করে আরো বলেছে, মসজিদে আকামতের সময় ইমাম সাহেব উঠে দাড়ায় না, ইমাম সাহেব অনেকজনের কাছ থেকে টাকা নিয়েছে । তাছাড়া বাংলাদেশের কোরআন শরীফে প্রিন্টিং ভুল থাকে। তাই সে এসব কর্মকান্ড চালিয়েছে।
উল্লেখ্য যে, ১৯ অক্টোবর ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদোল এলাকায় বাজারের মসজিদের চারটি জানালা, দরজা, দুটি আলমারি ভাংচুর করা হয়। ছিড়ে টুকরো টুকরো করা হয়েছে প্রায় ২৫টি কোরআন শরীফ। এছাড়া মিম্বরের স্থানে ময়লা ফেলে যায়।



























































