পূর্বাশা ডেস্কঃ
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে বিষপানে মারা যাওয়া নারীর লাশ চুরি হয়েছে। শনিবার রাতে লাশ চুরির ঘটনায় কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী গ্রামের বাসিন্দা নারী খাদিজা বেগম (৪০) ঐ দিন বিষপান করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, খাদিজা বেগম শনিবার সকালে বিষপান করে। ঐ দিন বেলা ১১টার দিকে তাকে হাসপাতালের নারী মেডিসিন ওয়ার্ডে
ভর্তি করা হয়। সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা মৃত্যুবরণ করেন। হাসপাতালে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় লাশ নিতে হলে পুলিশ ও প্রশাসনের অনুমতি নিতে হয়। কিন্তু খাদিজার পরিবার গোপনে হাসপাতাল থেকে লাশ চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ওইদিন রাতেই থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। কোতোয়ালী থানার ওসি শাহ্ মোঃ আওলাদ হোসেন জানান, বিষয়টি মঠবাড়িয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে।























































