ডেস্ক রিপোর্ট :
দেশের প্রথম মুঠোফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বন্ধে সরকারের সিদ্ধান্ত বহাল রেখে বিষয়টি শুনানির জন্য ৩১ অক্টোবর দিন ধার্য করেছেন উচ্চ আদালত।
গত বৃহস্পতিবার সিটিসেলের তরঙ্গ বরাদ্দ স্থগিত করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এরপর বিটিআরসি’র ঐ সিদ্ধান্ত স্থগিত চেয়ে সোমবার আপিল বিভাগে আবেদন করে সিটিসেল। মঙ্গলবার ঐ আবেদনের উপর শুনানি শেষে সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বন্ধে সরকারের সিদ্ধান্ত আপাতত বহাল রেখে এ বিষয়টি আগামী ৩১ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করে দিয়েছেন।
আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ এবং আইনজীবী এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আদালতে বিটিআরসি’র পক্ষে ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার রেজা-ই-রাকিব।
বকেয়া টাকা পরিশোধ করা হয়নি এই অভিযোগে গত বৃহস্পতিবার সিটিসেলের কার্যক্রম (স্প্রেকট্রাম বা তরঙ্গ) স্থগিত করে দেয় বিটিআরসি।

























































