পূর্বাশা ডেস্ক:
ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সম্পাদকমন্ডলীর ২২ জনের নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে ২৩ অক্টোবর জাতীয় কাউন্সিলের দিনেই সভাপতি, সাধারণ সম্পাদক, ১৪ জন সভাপতিমন্ডলীর সদস্য, ৪ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের নাম ঘাষণা করা হয়।
৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কমিটির ৪৩ জনের নাম ঘোষণা করা হলো। সভাপতিমন্ডলীর সদস্য ৩ জন, সম্পাদকমন্ডলীর ৭ জন এবং সদস্য পদে ২৮ জনের নাম কয়েকদিন পর ঘোষণা করা হবে বলে জানান ওবায়দুল কাদের।
কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতাকে নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে সম্পাদকমন্ডলীর নেতাদের নাম ঘোষণার পরই শেখ হাসিনার কার্যালয়ের সামনে কয়েকজনের নাম ধরে বিরূপ সমালোচনা করতে দেখা গেছে।
ছাত্রলীগের সাবেক একজন সাধারণ সম্পাদক প্রকাশ্যেই বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করার ব্যাপক অভিযোগ রয়েছে এমন একাধিক ব্যক্তিকে সাংগঠনিক সম্পাদক পদে বহাল রাখা হয়েছে।
শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ, মহিলা সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরাকে কেনও আবারও কমিটিতে রাখা হলো সে প্রশ্ন রেখেছেন কেউ কেউ। দলীয় কর্মকান্ডে এদের দেখা যায় না। সদ্য সমাপ্ত কাউন্সিলেও তারা কেবল মঞ্চে এসে বসেছেন। এমন নানা অভিযোগ করলেন অনেকেই।
সভাপতিমন্ডলীতে আব্দুল মান্নান খানকে রাখায় বিভিন্ন মহলে সমালোচনা উঠেছে। মন্ত্রী থাকাকালীন দূর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। তার স্ত্রীর বিরুদ্ধেও রয়েছে দূর্নীতির মামলা। কেন মান্নান খানকে সভাপতিমন্ডলীর সদস্য করা হলো সে প্রশ্ন এখন সব মহলেই।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে মৃণাল কান্তি দাসকে এমপিকে। জাতীয় সংসদে জমা দেওয়া তথ্য অনুযায়ী মৃণাল দাসের জন্ম তারিখ ২৫ জানুয়ারি ১৯৫৯ সালে। সেই অনুসারে মুক্তিযুদ্ধের সময় তার বয়স মাত্র ১২ বছর। এই বয়সে মুক্তযুদ্ধে তার অংশ নেওয়ার কথা নয়। মঙ্গলবার ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধ সম্পাদক হিসেবে মৃণাল দাসের নাম ঘোষণা করার পর একাধিক নেতাকর্মী প্রশ্ন রাখেন উনি কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন? শিক্ষা ও স্বাস্থ্যা বিষয়ক সম্পাদক পদে দুজন নারীকে আনা হয়েছে। দলের মধ্যে খুবই অপরিচিত মূখ তারা। অতীতে কখনই তাদের দলীয় কর্মকান্ডে দেখা যায়নি। যে সব নারী ছাত্রলীগ করে দীর্ঘদিন দলীয় কর্মকান্ডে যুক্ত রয়েছেন তাদের অপরাধ কী এমন প্রশ্ন তুলেছেন অনেকেই।























































