শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘নেহরুর চক্রান্তেই হয়েছিল নেতাজির অন্তর্ধান’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০১৬

netaji-nehru

কলকাতা টোয়েন্টি ফোর রিপোর্টঃ

সফল ভাবেই শেষ হয়ে গিয়েছে ব্রিকস সম্মেলন। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করতে নানাবিধ ব্যবস্থা গ্রহণ করেছিল ভারত সরকার। আরও ভালোভাবে বললে মোদী সরকার। ভারতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত ছিলেন সদস্য দেশ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লামিদির পুতিন। মস্কোর সঙ্গে সামরিক সংক্রান্ত একাধিক যুক্তিও চূড়ান্ত হয়েছে এই সম্মেলনে। কিন্তু, একটি বারের জন্যেও সেখানে উঠে আসেনি নেতাজি প্রসঙ্গ।

চলতি বছরের ২৩ শে জানুয়ারি থেকে নেতাজি সম্পর্কিত অপ্রকাশিত বহু ফাইল প্রকাশ করে চলেছে কেন্দ্র। সুভাষ চন্দ্র বোসের অন্তর্ধানের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে রাশিয়ার কাছে। ভারতের স্বাধীনতার পরেও নেতাজির রাশিয়ার থাকার বহু প্রমাণও উঠে এসেছে একাধিকবার। কিন্তু, গোয়ার ব্রিকস সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে এই বিষয়ে কোনও কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনের পর কোনও প্রেস বিজ্ঞপ্তি বা সাংবাদিক বৈঠকে এই বিষয়ে কোনও কথা শোনা যায়নি। তাহলে কী নেতাজি প্রসঙ্গ এড়িয়ে যেতে চাইছে মোদী সরকার? এই প্রসঙ্গে প্রাক্তন ফরওয়ার্ড ব্লক সাংসদ জয়ন্ত রায় বলেছেন, “স্বাধীনতার সময় ব্রিটেনের সঙ্গে ষড়যন্ত্র করে সরকারিভাবে এমন কিছু চুক্তি করে রেখেছেন জহরলাল নেহরু যার ফলে আজও কিনারা হয়নি নেতাজি অন্তর্ধান রহস্যের। সেই চক্রান্তের কারণেই নেতাজি অন্তর্ধান নিয়ে লুকোচুরি খেলে চলেছে মস্কো। আমার অন্তত এমনই ধারণা।” একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন যে নেহরুর এই চক্রান্তের পিছনে হাত রয়েছে আমেরিকা এবং ইংল্যান্ডের।

এর আগে রাজ্যসভার এই প্রাক্তন সাংসদ জানিয়েছিলেন যে ১৯৪৬ সালের প্রথম দিকে রাশিয়াতে গিয়েছিলেন সুভাষ বসু। আমেরিকার নির্দেশে রাশিয়ার ওমক্স শহর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এই সম্পর্কিত রাশিয়ার বিভিন্ন আর্কাইভাল ডকুমেন্ট তিনি নিজে দেখেছেন বলে জানিয়েছেন জয়ন্তবাবু। এবং এই বিষয়ে রাশিয়ার সরকারের তরফ থেকে কোনও সহযোগিতা পাওয়া যায়নি বলেও দাবি করেছিলেন তিনি। একইসঙ্গে তিনি আরও জানিয়েছিলেন যে ১৯৪৫ সালের ১৮ অগাষ্ট জাপানের তাইপেই বিমানবন্দরে কোনও বিমান দুর্ঘটনা ঘটেনি। সমগ্র বিষয়টি মার্কিন প্রশাসনের চাপে তৈরি করেছিল জাপান। এর পিছনেও নেহরুর যোগ রয়েছে বলে দাবি করেছেন প্রাক্তন সাংসদ জয়ন্ত রায়।

ajay-ray
জয়ন্ত রায়

নেতাজি অন্তর্ধান নিয়ে বর্তমান কেন্দ্র সরকার রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন জয়ন্তবাবু। নেতাজি অন্তর্ধান রহস্যের সমাধান করতে চাইলে মোদী সরকারের নেতাজি সম্পর্কিত সমস্ত ফাইল প্রকাশ করা উচিত বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “এই সরকার বেশ কিছু ফাইল(নেতাজি সম্পর্কিত) প্রকাশ করেছে। তবে সেগুলি থেকে আহামরি কিছুই জানা যায়নি। নরেন্দ্র মোদীর বিন্দুমাত্র সততা থাকলে অবিলম্বে নেতাজি সম্পর্কিত সব ফাইল প্রকাশ করা উচত।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি