পূর্বাশা ডেস্ক:
মাশুক মিয়ার প্রতীক্ষার অবসান হলো। ৩ অক্টোবর থেকে অচেতন খাদিজা বেগম গতকাল মঙ্গলবার তাঁর বাবাকে ‘আব্বু’ বলে ডেকেছেন। তিনি তাঁর মাকেও চিনতে পেরেছেন বলে জানিয়েছেন স্বজনেরা।
সৌদি আরবপ্রবাসী মাশুক মিয়া তাঁর একমাত্র মেয়ের ওপর হামলার খবর পেয়ে ৬ অক্টোবর দেশে ফেরেন। একই দিনে দেশে আসেন খাদিজার ভাই শাহীন আহমেদ। এখন খাদিজার পাশে আছেন তাঁর বাবা মাশুক মিয়া ও মা মনোয়ারা বেগম।
গতকাল রাতে খাদিজার বাবা মাশুক মিয়া বলেন, ‘খাদিজা আজ আমাকে আব্বু বলে ডেকেছে। খুব আস্তে। আমি নিজে শুনেছি। আমার মনে হলো ও আমাকে, ওর মাকে ও আমাদের আত্মীয়স্বজনদেরও হালকা হালকা চিনতে পারছে। ব্যথা পেলে গোঙাচ্ছে। চিকিৎসকেরা আমাদের বলেছেন, দু-চার দিনের মধ্যেই ওকে কেবিনে দিয়ে দেবেন।’ তিনি আরও জানান, খাদিজা এখন কোনো কৃত্রিম যন্ত্রের সাহায্য ছাড়াই অল্পস্বল্প খাওয়াদাওয়া করছেন। বেশির ভাগ সময়ই তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে।
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা বেগম এখন হাই ডিপেন্ডেন্সি ইউনিটে আছেন। তাঁর শরীর থেকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ও খাওয়ানোর জন্য যন্ত্রপাতি খুলে নেওয়া হয়েছে।
খাদিজা বেগমের চিকিৎসক স্কয়ার হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের পরামর্শক রেজাউস সাত্তার বলেছেন, মস্তিষ্কে অস্ত্রোপচারের পর খাদিজার শরীরের ডান দিকে সাড়া ফিরলেও, বাঁ হাত-বাঁ পা নাড়তে পারছিলেন না। এই সপ্তাহের শুরু থেকে খাদিজা বাঁ পা সামান্য নাড়তে পারছেন। তবে বাঁ পা নাড়তে তাঁর খুব কষ্ট হচ্ছে।
৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের (ডিগ্রি) ছাত্রী খাদিজা বেগম পরীক্ষা দিয়ে ফেরার পথে বদরুল আলমের নির্যাতনের শিকার হন। মাথায় মারাত্মক আঘাত নিয়ে খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। ছাত্রলীগ নেতা বদরুল আলমকে গত রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তিনি এখন কারাগারে আছেন।


























































