ডেস্ক রিপোর্টঃ
‘সার্জিক্যাল স্ট্রাইক’ কিংবা যেকোনো পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে লাগাতার পাকিস্তানি প্রধানমন্ত্রীকে সমালোচনার তীরে বিদ্ধ করে চলেছেন সাবেক ক্রিকেটার এবং বর্তমানে তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। এবার কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে ভারতের উদ্দশ্যেও আক্রমণ শানালেন ইমরান খান। তার স্পষ্ট মন্তব্য, পাকিস্তানে অভ্যন্তরীণ গন্ডগোল লাগাচ্ছে ভারত। শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগও তুলেছেন তিনি।
সাংবাদিকদের করা প্রশ্ন উত্তরে ইমরান খান জানান, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে ছকে খেলছে ভারত। ষড়যন্ত্র করে পাকিস্তানের ভিতরে গণ্ডগোল লাগাতে চাইছে ভারত। আসলে পাকিস্তানের সামরিক শক্তির কাছে ভারত পরাজিত হয়ে যাবে, তা সত্য মেনে নিয়েই এই কাজ করছে তারা।
সোমবার রাতে বালুচিস্তানের কোয়েটায় একটি পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে বিস্ফোরণে ৬১ জনের মৃত্যু হয়। ঘটনায় আহত শতাধিক। ঘটনার পরেই বিস্ফোরণস্থলে যান তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। সেখান থেকে ফেরার পথে ভারতের সমালোচনা করেন তিনি।
যদিও ভারতকেই নয়, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উদ্দেশ্যেও আক্রমণ শানিয়েছেন তিনি। তার মতে, প্রধানমন্ত্রীর কারণেই ঝুঁকির মধ্যে রয়েছে দেশের নিরাপত্তা।


























































