মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় অধ্যক্ষের বাসা থেকে গৃহপরিচারিকার লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১০.২০১৬

pic
স্টাফ করেসপন্ডেন্টঃ

কুমিল্লা নগরীতে এক কলেজ অধ্যক্ষের বাসা থেকে খালেদা আক্তার (১৭) নামে এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে নগরীর আদালত সড়কের বায়তুল নাহার নামে একটি ভবনের দ্বিতীয় তলায় রহমত উল্লাহ বাবুল নামে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার কলেজের অধ্যক্ষের বাসা থেকে কোতয়ালী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত খালেদা আক্তার জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর গ্রামের দিনমজুর আবুল হাসেমের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুলের ওই বাসায় খালেদা আক্তার দীর্ঘদিন ধরে গৃহপরিচারিকার কাজ করে আসছিল। বৃহস্পতিবার রাতে ওই বাসায় খালেদা রহস্যজনকভাবে মারা যায়। খালেদা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করা হয়। তবে গৃহপরিচারিকার মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে স্থানীয়দের দাবি। এ বিষয়ে অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুলের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রব জানান, নিহতের গলায় আঘাতের দাগ রয়েছে। গলায় ফাঁস লাগিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ মৃত্যুর নেপথ্য কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ধর্ষণের আলামত আছে কি-না তা পরীক্ষাসহ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে মেয়ের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে গ্রামের বাড়িতে কান্নায় ভেঙ্গে পড়েন খালেদার হত-দরিদ্র বাবা আবুল হাসেম, মা ও স্বজনরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি