শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গাইবান্ধায় সাবেক সেনা সদস্যকে গলাকেটে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৬

gaibandha-28-101

পূর্বাশা ডেস্কঃ

জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে মো. আবদুর সবুর প্রামাণিক (৪৭) নামে সাবেক এক সেনা সদস্যকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

আবদুর সবুর প্রামাণিক সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মাওয়াগাড়ি গ্রামের আলহাজ মো. গোলজার রহমান প্রামাণিকের ছেলে। সবুর প্রামাণিক বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন।

সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রণি কুমার দাস জানান, শনিবার সকালে মাওয়াগাড়ী গ্রামের নিজ বাড়ি সামনের ফাঁকা জায়গার একটি গাছের বাগানে সবুর প্রামাণিকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ছাড়া তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

সবুর প্রামাণিকের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর গভীর রাতেও তিনি বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে শনিবার সকালে তার লাশ দেখতে পায় স্থানীয়রা।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকা-ের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া হত্যাকা-ের সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি