পূর্বাশা ডেস্কঃ
মোবাইলে পর্নো আসক্তিতে জড়িয়ে পড়ছে শিশু-কিশোররা। কী গ্রাম, কী শহরে অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থীদের হাতে সখের মোবাইল তুলে দিয়ে ভবিষ্যত হুমকির মুখে ঠেলে দিচ্ছেন অভিভাবকরা।
কক্সবাজারের টেকনাফ উপজেলার অজপাড়া পল্লী গ্রামের একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পড়–য়া এক ছাত্র নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করে। ফোনে কথা বলা ছাড়ও ইন্টারনেট ব্যবহারেও পারদর্শী ওই শিক্ষার্থী। বাবা-মা’ই তাকে মোবাইল ফোন কিনে দিয়েছেন বলে জানান তিনি।
এই শিক্ষার্থী বলেন তার ক্লাসে অনেকেই মোবাইল ফোন সেট ব্যবহার করে। শিক্ষার্থীরা ক্লাসের বিরতিতে কিংবা টিফিন টাইমে লুকিয়ে লুকিয়ে মোবাইল ফোনে কথা বলে। এদের অনেকেই আবার মোবাইলে খারাপ ছবিও দেখে এবং অন্যদের দেখতে উৎসাহিত করে।
চিত্রটি শুধু টেকনাফ নয়, কক্সবাজারসহ সারাদেশের স্কুল শিক্ষার্থীদের একই অবস্থা। এক সময় স্কুল কলেজের শিক্ষার্থীরা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়তো। এখন তারা মোবাইল টিপতে টিপতে গভীর রাতে ঘুমিয়ে পড়ে। ব্লগ, ফেইসবুক ও টুইটার ব্যবহারের কারণে শিশু-কিশোর-কিশোরী ও তরুণদের ধ্যান-জ্ঞান হয়ে পড়ছে মোবাইল। এতে করে মেধা বিকাশ ক্রমশই কমে আসছে। শহর থেকে শুরু করে একেবারেই অজপাড়াগাঁয়েও শিশু-কিশোরদের হাতে থাকে মোবাইল ফোন। এসব শিশু মোবাইলে ছবি তোলা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট ব্যবহার করে।
অভিভাকরা সন্তানের আবদার পূরণের জন্য কোমলমতি এইসব শিশুদের হাতে আত্ম বিধ্বংসী এই যন্ত্রটি তুলে দিলেও কেউকি একবার ভাবছেন, এতে সন্তানের লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে!
জানাগেছে, বিশে^র উন্নত দেশগুলোতে ১৮ বছরের কম বয়সীদের মোবাইল ফোন ব্যবহার নিষেধ। শিক্ষার্থীদের জীবন মান নিয়ে গবেষণা করেন এমন একটি সংস্থার গবেষণায় দেখা গেছে, গ্রামের স্কুলগামী শিক্ষার্থীদের শতকরা ৫৪ ভাগ নিয়মিত পর্নোগ্রাফি দেখে। সংস্থাটি বলছে, গ্রামের চেয়ে শহরের এই চিত্র ভয়াবহ। তারা সুস্থ যৌন শিক্ষার বিপরীতে একটি বিকৃত যৌন শিক্ষার মধ্যদিয়ে বেড়ে উঠছে, যা ভবিষ্যত প্রজন্মের জন্য হুমকি স্বরূপ।

























































