শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দ্রুত বিচার না হওয়ায় বখাটেরা ভয়ংকর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৬

2350047_kalerkantho-16-10-29-550x367

পূর্বাশা ডেস্কঃ

দীর্ঘদিন উত্ত্যক্ত বা যৌন হয়রানি করার একপর্যায়ে বিয়ের প্রস্তাব দিয়ে সায় না পেয়ে ১৯৮৮ সালের ২৬ এপ্রিল সকালে কিশোরী সীমা মোহাম্মদীকে তাদের বাসায় ঢুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে স্থানীয় বখাটে মোহাম্মদ আহাম্মদ ওরফে আমিন। রাজধানীর তখনকার লালবাগ থানার জগন্নাথ রোডের ১৬৬ নম্বর বাসায় তখন সীমার মা-বোন থাকলেও ভয়ে কিছুই করতে পারেননি। ওই ঘটনায় সীমার মা ইজহার মোহাম্মদী লালবাগ থানায় হত্যা মামলা করেছিলেন। সে বছরই পুলিশ বখাটে আমিনের বিরুদ্ধে চার্জশিটও দিয়েছিল। কিন্তু ২৮ বছরেও শেষ হয়নি বিচার। সীমার মা কয়েক বছর আগে মারা গেছেন বিচার না দেখেই। বিভিন্ন আদালত ঘুরে মামলাটি এখন ঢাকার জননিরাপত্তা ট্রাইব্যুনালে বিচারাধীন।

নারীর প্রতি বখাটেদের এমন উৎপাত ও সহিংসতা নতুন নয়। গ্রামগঞ্জে, শিক্ষাপ্রতিষ্ঠানে, রাস্তাঘাটে বা বাড়ির আশপাশেই ঘটছে নানা উৎপাতের ঘটনা। আর উৎপাতের জের ধরে ঘটছে খুন-খারাবিও। গত কয়েক বছরে বখাটেদের উৎপাত বেড়েছে অস্বাভাবিকহারে। বখাটেদের নৃশংসতার মাত্রাও বাড়ছে দিন দিন। আইনজীবী ও মানবাধিকার কর্মীরা এর জন্য দায়ী করছেন বিচারহীনতাকে। তাঁরা বলছেন, বখাটের নৃশংসতায় সীমার মোহাম্মদীর মৃত্যুর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি হলে হয়তো এ ধরনের আর ১০টি ঘটনা ঘটত না।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যমতে, গত আট মাসে সারা দেশে বখাটেদের উৎপাতে যৌন হয়রানির ঘটনা ঘটেছে ১৬৯টি। এসব ঘটনায় আত্মহত্যা করেছে তিন নারী। যৌন হয়রানির প্রতিবাদ করায় খুন হয়েছে তিন ছাত্রী। যৌন হয়রানির প্রতিবাদ করায় পাঁচজন পুরুষকেও খুন করেছে বখাটেরা। যৌন হয়রানির প্রতিবাদ করায় লাঞ্ছিত হয়েছে ৮২ নারী ও ১৬ পুরুষ। এসব ঘটনায় আঘাতের শিকার হয়েছে ৫৭ জন পুরুষ। বখাটেদের উৎপাতে স্কুলে যাওয়া বন্ধ হয়েছে চার ছাত্রীর। আসকের তথ্যানুযায়ী, ২০১৫ সালে বখাটেদের মাধ্যমে ৩২০টি যৌন হয়রানির ঘটনা ঘটে। এর মধ্যে প্রতিবাদ করায় খুন হয় পাঁচজন নারী ও একজন পুরুষ। অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ১০ নারী। এ পরিসংখ্যান শুধু গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে তৈরি। দেশজুড়ে বখাটেদের উৎপাত আরো ভয়ানক বলে মনে করে আসক।

বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান অনুযায়ী, গত আট বছরে সারা দেশে নারী নির্যাতনের ঘটনা ঘটে ৩৮ হাজার ৪৯৮টি। এর মধ্যে যৌন নির্যাতনের ঘটনা ৫১৭টি, অপহরণের ঘটনা এক হাজার ৫৪৫, উত্ত্যক্তের শিকার হয়েছে তিন হাজার ৭৮০ জন নারী। উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেছে ১৩৮ জন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালে ৮০৮ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়। ২০১৪ সালে ধর্ষণের শিকার নারী ও শিশুর সংখ্যা ৬৬৬। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ৬৯৬। ২০১২ সালে ছিল ৫০৮। ২০১১ সালে ছিল ৬৩৫। ২০১০ সালে ৫৯৩ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়। গত পাঁচ বছরে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে ৯০৬টি এবং যৌন নির্যাতনের শিকার হয়েছে ৫১৭ জন নারী ও শিশু। ২০১৫ সালে ৭১৪ জন নারী ও শিশু খুন হয়েছে। ২০১৪ সালে খুন হয় ৮৯৮ জন। ২০১৩ সালে ৮২৯, ২০১২ সালে ৯০০, ২০১১ সালে ৮৮৬ এবং ২০১০ সালে এক হাজার ১১৮ জন নারী ও শিশুকে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ দণ্ডবিধির ৫০৯ ধারায় কোনো নারীর ‘শ্লীলতাহানি’ করার উদ্দেশে কোনো মন্তব্য, অঙ্গভঙ্গি বা যেকোনো ধরনের কাজের শাস্তি এক বছর কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ৭৬ ধারা অনুযায়ী নারীদের উত্ত্যক্ত করার শাস্তি কমপক্ষে এক বছরের কারাদণ্ড অথবা দুই হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ‘যৌন কামনার উদ্দেশ্যে কোনো অঙ্গ স্পর্শ করলে বা শ্লীলতাহানি’ করলে সর্বোচ্চ ১০ বছর সাজা এবং সর্বনিম্ন তিন বছর কারাদণ্ডের বিধান রয়েছে। এ ছাড়া উত্ত্যক্ত করার ঘটনায় কাউকে মারধর করে মারাত্মক জখম বা মৃত্যু ঘটানোর জন্য দণ্ডবিধির বিভিন্ন ধারায় শাস্তির বিধান রয়েছে। হত্যাকাণ্ডের জন্য হত্যা মামলা হবে। বখাটেদের বিচারে সব ধরনের আইনই রয়েছে। আইনজীবীদের মতে, সংশ্লিষ্ট সবাই আন্তরিক হলে আইনের আওতায় এনে বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব। আর কিছু দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুততম সময়ে কার্যকর হলে বখাটেরা উচ্ছৃঙ্খলতা থেকে দূরে থাকবে।

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান বলেন, ‘আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারলেই বখাটেরা ভয় পেয়ে যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যেও বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। কিন্তু আমাদের দেশে নানা প্রভাবে বিচার বিলম্বিত হয়, যার কারণে বখাটেরা উৎসাহিত হচ্ছে।’ এলিনা খান বলেন, বখাটেদের বীভৎসতা বেড়ে গেছে। এই বীভৎসতার শ্রেণী অনুযায়ী পুরানো আইন সংশোধন প্রয়োজন। শাস্তির পরিমাণ বাড়িয়ে আইন সংস্কার করতে হবে। এরপর ব্যাপক প্রচার করতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প নেই।

এলিনা খান আরো বলেন, যখন দেশের আইন ও বিচারব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, রাজনৈতিক সমস্যা বিরাজ করে তখন আইনের সুশাসন প্রতিষ্ঠিত থাকে না। অপরাধীরা মনে করে দুর্বল নারীরা কিছু করতে পারবে না। তাই নারী ও শিশুরা নির্যাতনের শিকার হয় বেশি। যত দিন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং দ্রুত বিচারের ব্যবস্থা কার্যকর করা না হবে তত দিন নারী নির্যাতন বন্ধ হবে না।

ঢাকা মহানগর দায়রা আদালতের সাবেক পিপি ও ফৌজদারি মামলা পরিচালনাকারী বিশিষ্ট আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, বখাটেদের বিরুদ্ধে তাদের অপরাধের ধরন অনুযায়ী কখনো নারী ও শিশু নির্যাতন আইনে, কখনো দণ্ডবিধিতে, কখনো ডিএমপি অ্যাক্টে মামলা হয়। আবার হত্যাসহ মারাত্মক জখমের অভিযোগেও মামলা হয়। হত্যা মামলায় শাস্তি মৃত্যুদণ্ড। অন্য আইনে বখাটেদের দ্বারা নারীদের উত্ত্যক্ত করার শাস্তি কম। আইন সংশোধনের মাধ্যমে শাস্তির মেয়াদ বাড়ানো উচিত। আর বখাটেদের থামাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। তাহলেই বখাটেদের উৎপাত কমবে।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আলী আসগর স্বপন বলেন, নির্ধারিত সময়ে মামলা শেষ না হওয়ার কারণ সাক্ষীরা আদালতে উপস্থিত হয় না। এ জন্য পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয়। আদালত থেকে সমন পাঠানোর পর স্থানীয় থানা কর্তৃপক্ষকে সাক্ষী হাজির করতে হয়। কিন্তু তা করা হয় না। বিভিন্ন মামলায় জানা গেছে, বখাটেরা স্থানীয় প্রভাবশালী বা প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকে। এ জন্য অনেক ক্ষেত্রে সাক্ষীরা ভয় পায় বা প্রভাবিত হয়। যে কারণে বখাটেদের উৎপাতের ঘটনায় করা মামলার বিচার বিলম্বিত হয়। তিনি বলেন, যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায় তবে বখাটেরা ভয়ে আর কাউকে উত্ত্যক্ত করবে না।

২০১৪ সালের ৬ অক্টোবর ঈদুল আজহার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপাড়া গ্রামে আগুনে পুড়িয়ে মারা হয় হাসনা বেগম, তাঁর তিন মেয়ে মনিরা, মীম আক্তার ও মলিকে। বিয়ের প্রস্তাবে মনিরা রাজি না হওয়ায় তাকে উত্ত্যক্ত করত স্থানীয় বখাটে জাহাঙ্গীর আলম। বখাটের হাত থেকে বাঁচাতে মনিরাকে পাঠানো হয়েছিল নানা বাড়ি। এতে আরো ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর ঈদের রাতে সুযোগ বুঝে ঘরে আগুন দেয়। একই বছরের ১১ অক্টোবর রাতে রাজধানীর ভাসানটেক এলাকায় পিটিয়ে হত্যা করা হয় নাসির হোসেন নামের এক যুবককে। নাসিরের মামাতো বোনকে উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় বখাটেরা। প্রতিবাদ করায় বখাটে আবুল, বাবলু, পাগলা মামুন, কানা আলম, দাঁতভাঙা খোকন ও তাদের সহযোগীরা নাসিরকে পিটিয়ে হত্যা করে। ওই বছর ৬ সেপ্টেম্বর খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়ায় স্কুল ছাত্রী উম্মে কুলসুম ঋতু বিষপানে আত্মহত্যা করে। স্থানীয় শিমুল মণ্ডল, জিহাদ, বিল্লাল ও রফিক ঋতুকে উত্ত্যক্ত করত। ওই ছাত্রী তা স্কুল শিক্ষকদের জানালে শিক্ষকরা একাধিকবার ওই বখাটেদের নিষেধ করেন। এমনকি শিমুলের বাবাকেও বিষয়টি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই বখাটেরা রাস্তায় ঋতুর ওপর নির্যাতন চালায়। বাসায় গিয়েও অকথ্য ভাষায় গালাগাল দেয়। ক্ষোভে অপমানে ঋতু আত্মহননের পথ বেছে নেয়। ২০১৪ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জের ফতুল্লায় বখাটেদের মারধর ও যৌন নির্যাতনের শিকার হয় এক গার্মেন্টকর্মী। বখাটেদের হামলায় আহত হন ওই গার্মেন্টকর্মীর মাও। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২০১০ সালের ২৪ মার্চ ঢাকার গুলশানে মেয়ের সামনে মা-বাবাকে গুলি করে খুন করে রুবেল নামের এক বখাটে। তখন মেয়ে বীথি ও ইতি দৌড়ে পালিয়ে রক্ষা পায়। ওই বখাটের উৎপাতে পড়াশোনা বন্ধ করে দিয়েছিল ইতি। কিন্তু তার পরও মা-বাবাকে বাঁচাতে পারেনি সে।

ওই সব ঘটনার একটিরও বিচার হয়নি। দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি কোনো অপরাধীর।

বখাটেদের উৎপাতে গত এক দশকে অনেক কিশোরীকে খুন হতে বা আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে। ইভ টিজিং বা উত্ত্যক্ত করা প্রতিরোধের জন্য আইন আছে। ইভ টিজিং করতে গিয়ে নির্যাতন করা বা ইভ টিজিংয়ের ফলে আত্মহত্যা করা অথবা ইভ টিজিং করতে কাউকে হত্যা করা, মারাত্মক আহত করার বিচারের জন্য আলাদা আইন আছে। আইনানুযায়ী মামলাও হয়। কিন্তু দ্রুত বিচার হয় না। মামলা তদন্ত করে চার্জশিট দেয় পুলিশ। আদালতে গিয়ে ঝুলে থাকে দিনের পর দিন। শিশু রাজনসহ সাম্প্রতিককালে কয়েকজন শিশু হত্যার ঘটনায় করা মামলার বিচার নিষ্পত্তি হয়েছে অত্যন্ত দ্রুত। সংশ্লিষ্ট সবার আন্তরিকতা থাকায় সেটা সম্ভব হয়েছে।

আইন বিশেষজ্ঞরা বলেন, সমাজে বখে যাওয়া ছেলেদেরই বখাটে বলা হয়। আর বখাটেরা সাধারণত প্রভাবশালীদের সান্নিধ্যে থাকে। এ কারণে সমাজের প্রভাবশালী ব্যক্তি, রাজনীতিকদের ছত্রছায়ায় নানা অপরাধে জড়িয়ে পড়ে। কোনো মামলা হলে সাক্ষীরা ভয়ে আদালতে সাক্ষ্য দিতে যায় না। ফলে বিচার বিলম্বিত হয়।

বখাটে হামলায় সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি চাঞ্চল্যকর ঘটনার দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। গত বুধবার তিনি সাংবাদিকদের বলেছেন, তিনি এসব ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রসিকিউটরদের নির্দেশ দেবেন।

গত ২৪ আগস্ট রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিশাকে দুপর ১২টার দিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বখাটে ওবায়দুল। পাঁচ দিন পর রিমা মারা যায়। ওই ঘটনায় ব্যাপক আলোড়ন হয় দেশব্যাপী। দুই মাস আগে ঘটে যাওয়া এই ঘটনায় আসামি গ্রেপ্তার হয়ে স্বীকারোক্তি দেওয়ার পরও চার্জশিট দাখিল করা হয়নি।

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক সম্প্রতি বলেন, বখাটেদের উৎপাত চিরতরে বন্ধ করতে পুলিশকে নানা নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এসব ঘটনা আগের চেয়ে কমে এসেছে। পুলিশের তৎপরতার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে। ওদের বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসতে হবে। কেউ এলাকায় বখাটেপনা করার চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। বখাটেদের পক্ষে কেউ তদবির করলে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, বখাটেদের প্রতিরোধ করতে র‌্যাবের সবকটি ব্যাটালিয়নকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে কয়েকজন বখাটেকে ধরাও হয়েছে।

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান লিটন বলেন, বখাটেদের উৎপাত বা হামলার ঘটনা ঘটলেও অনেকে মান-সম্মানের ভয়ে চেপে যায়। ফলে বখাটেরা আরো বেপরোয়া হয়ে ওঠে। তিনি বলেন, ‘আমাদের দেশে অনেক শক্ত আইন আছে; কিন্তু এগুলো প্রয়োগ করা হয় না। অনেক ক্ষেত্রে বখাটেরা প্রভাবশালী হওয়ায় আইনের লোকজন প্রতিরোধে এগিয়ে আসে না। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বখাটেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সামাজিকভাবে এদের প্রতিরোধ করতে হবে। তা না হলে বখাটেদের হাত থেকে আমরা কোমলমতি ছাত্রীসহ নারীদের রক্ষা করতে পারব না।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি