রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » Uncategorized » শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে ব্রিজ ভেঙে যোগাযোগ বন্ধ


শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে ব্রিজ ভেঙে যোগাযোগ বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৬

132255d

পুর্বাশা ডেস্ক:

চট্টগ্রাম বন্দর থেকে বরিশালের মঠবাড়িয়া যাওয়ার পথে পণ্যবাহী ট্রাকসহ শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের চরসেন্সাস বালার বাজার বেইলি ব্রিজ ভেঙে চট্টগ্রাম-মংলা বন্দর এবং সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ থেকে খুলনা, বরিশাল এবং বৃহত্তর ফরিদপুরের সঙ্গে এ পথে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এত চরম ভোগান্তিতে পড়েছে এ রুটের যাত্রীরা।

সখীপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রডবাহী একটি ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙে পড়ে। ফলে ব্রিজের দুই পাড়ে শত শত পণ্য ও যাত্রীবাহী যানবাহন আটকে পড়ে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল শুক্রবার রাতে ব্রিজটি ভেঙে যাওয়ার পর আজ শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সড়ক বিভাগের কোনো কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে আসেননি।

উল্লেখ্য, সড়ক যোগাযোগ সহজ করার লক্ষ্যে ও ঢাকা শহরের যানজট নিরসনের উদ্দেশ্যে ২০০০ সাল থেকে চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিস চালু হওয়ার পর থেকে প্রতিদিন এই পথে হাজার হাজার যানবাহন চলাচল করছিল। শরীয়তপুরের আঙ্গারিয়া বন্দর থেকে বালার বাজার ফেরিঘাট পর্যন্ত অন্তত ১০টি বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ রয়েছে। এ ব্রিজগুলোর অধিকাংশই গত ১০ বছর আগে চলাচলের অনুপযোগী ঘোষণা করা হলেও অতিরিক্ত পণ্যবোঝাই করে যানবাহন চলাচল করছে।

এ ব্যপারে কথা বলতে শরীয়তপুর সড়ক ও জনপথের প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি