পূর্বাশা ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংসদ নির্বাচন ইস্যুতে প্রয়োজন হলে অবশ্যই সংলাপের আয়োজন করা হবে। তবে এই মুহূর্তে এ বিষয়ে সংলাপের দরকার নেই।
আওয়ামী লীগের ২০তম সম্মেলনের পর পূর্ণাঙ্গ কমিটি দিতে প্রধানমন্ত্রী নির্ঘুম রাত কাটাচ্ছেন বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, সম্মেলনের পাঁচ দিনের মধ্যে আমরা আওয়ামী লীগের মতো একটি বড় দলের কমিটি করেছি। কমিটি করতে গিয়ে সম্মেলনের পরে নির্ঘুম রাত কাটাচ্ছেন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিটিতে আমরা সব অঞ্চলের তৃণমূলকে কভার করেছি।’
রোববার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। বিএসআরএফ’র কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংলাপে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শ্যামল সরকার, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।
নির্বাচনের আগে কোনও সংলাপ হবে কিনা- প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্র বিশ্বাস করবো, সংলাপকে বিশ্বাস করবো না এটা তো হতে পারে না। সংলাপ আমিও চাই। প্রয়োজন হলে সংলাপ করবো। তবে এ মুহূর্তে সংলাপের কোনও প্রয়োজন নেই।’
তিনি আরও বলেন, ‘জাতীয় ইস্যু তৈরি হলে অবশ্যই সংলাপ হবে। আর সংলাপ করার উদাহরণ তো আমাদের রয়েছে। জাতীয় প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সংলাপের জন্য বেগম জিয়াকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি তো আসেননি। কোকোর মৃতুতে দেশের প্রধানমন্ত্রী শোক জানাতে গিয়েছিলেন, দরজা তো খোলেননি। এ মুহূর্তে সংলাপের প্রয়োজন নেই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সংবিধানের আলোকে ২০১২ সালের নিদর্শনে রাষ্ট্রপতির এখতিয়ারে নির্বাচন কমিশন গঠনের কথা পরিষ্কার বলা আছে। সেভাবেই নির্বাচন কমিশন গঠিত হবে। সেটি তো রাষ্ট্রপতির এখতিয়ার, এখানে আমাদের কিছুই করার নেই। সেখানে কোনও সমস্যা হবে না। আশা করছি বিএনপিরও হবে না। তারা এতো ভয় পাচ্ছে কেন? সেটি তো আমি বুঝি না।’
উল্লেখ্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নির্বাচন কমিশন গঠন করতে তার দল একটি রুপরেখা দেবে। আগামী মধ্য ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের প্রথম প্রেসিডিয়াম মেম্বারদের বৈঠকে যশোরের পিযুষ চট্টোপাধ্যায় বলেছেন, সবাই তো আমার ঠিকানা ভুলে গিয়েছিল। সেখানে আপনারা আমাকে কিভাবে টেনে আনলেন। পাঁচ দিনের মধ্যে আওয়ামী লীগের কমিটি গঠন বাংলাদেশের অনাগত রাজনীতির মডেল।’
তবে ওবায়দুল কাদের মনে করছেন, আগামী নির্বাচনে বিএনপি অবশ্যই অংশগ্রহণ করবে। কারণ, বিএনপি গত নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছিলো সেই ভুল তারা আর করবে না।
ওবায়দুল কাদের বলেন, গত নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় তাদের রাজনৈতিক দেউলিয়ত্ব প্রকাশ পায়। বর্তমান রাজনীতিতে বিএনপির যে দৈন্য দশা সেটা সেই ভুলেরই কারণ। কাজেই আগামী নির্বাচনে অংশ নিয়ে তাদের সেই রাজনৈতিক দেউলিয়াপনা ও দৈন্যতা ঘোচানোর চেষ্টা করবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি মন্ত্রীপরিষদ পরিবর্তিত হয় বা প্রধানমন্ত্রী যদি আরও ২/১টা মন্ত্রণালযের দায়িত্ব দেয় সেটা সুষ্ঠুভাবে চালাতে পারবো। আমার মন্ত্রণালয়ের কোন কাজ পেইন্ডিং থাকে না। দিনের কাজ দিনেই শেষ করি। আজ সকালেও সব কাজ শেষ করেছি।
তিনি আরও বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবিলা করতে চায়। আমাদের মূল লক্ষ্য পরবর্তী প্রজন্ম এবং পরবর্তী নির্বাচন। এক্ষেত্রে আমাদের প্রধান অগ্রাধিকার পরবর্তী প্রজন্ম। চমৎকার একটি আধুনিক রাষ্ট্র পরবর্তী প্রজন্মের জন্য তৈরি করতে চাই। আমাদের এবারের সম্মেলনে এটিকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’
সরকার থেকে দলকে আদালা করার কোনও পরিকল্পনা আছে কিনা-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নব কমিটিতে সে প্রয়াস তো আছেই। আপনারা লক্ষ্য করলে দেখবেন অনেক মন্ত্রী দলের সম্পাদকম-লীতে নেই, আমরা তাদের রাখিনি।’
বিএনপিকে ভয় পাওয়া না পাওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে তো আমি তুচ্ছ তাচ্ছিল্য করি না। দুর্বল মনে করি না। দেশবাসী ও আমাদের একই প্রশ্ন, বিএনপি ভয়কে জয় করতে পারে না কেন?’
তিনি আরও বলেন, ‘বিএনপি আন্দোলনেও পারেনি, নির্বাচনেও পারেনি। এতো বড় দল ৫শ’ লোকের মিছিল করতে পারে না। এটি কী করে সম্ভব? আমরা তো ২০ জন নিয়েও রাসেল স্কয়ারে অবস্থান করেছি, মিছিল করেছি, সমাবেশ করেছি।’























































