কুমিল্লা সদর দক্ষিণের পেরুল দক্ষিণ ইউনিয়নের কনকশ্রী এলাকায় মোঃ মহিন উদ্দিন হত্যার মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ মডেল থানাধীন ভুঁশ্চি তদন্ত ফাড়ির এসআই তারেক তার সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার সদর দক্ষিণের পেরুল দক্ষিণ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মৃত তৈয়ব আলী ছেলে হুমায়ন ও সুমন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা দুজন সহোদর ভাই। হত্যা কান্ডের দশ দিনের মধ্যে আসামীদের গ্রেফতার করায় সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পিপিএম ও এসআই তারেকের নিকট মহিন উদ্দিনের এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পিপিএম জানান, আসামীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য ২০ অক্টোবর সদর দক্ষিণ উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের কনকশ্রী গ্রামের পাশ্ববর্তী দরবেশ পাড়া গ্রামের ফসলী জমি থেকে মহিন উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকারীদের বিচারে দাবিতে শুক্রবার দুপুরে কনকশ্রী বাজার এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন,জনপ্রতিনিধি সহ সর্বস্তরের জনগন শোকসভা ও মানব বন্ধন কর্মসূচী পালন করে।


















































