পূর্বাশা ডেস্কঃ
জেলহত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত ৬ আসামি এখনো দেশের বাইরে পালিয়ে আছে। মামলার রায়ের একযুগ পেরিয়ে গেলেও এদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো সম্ভব হয়নি। জেলহত্যা মামলার বিচারের রায় কার্যকর অনিশ্চিত হয়ে পড়েছে। পলাতক আসামিরা হচ্ছেন, কর্নেল (অব.) শরিফুল হক ডালিম, লে. কর্নেল (অব.)এমএইচএমবি নূর চৌধুরী, লে. কর্নেল (অব.) এএম রাশেদ চৌধুরী, রিসালদার মোসলেম উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও এলডি (দফাদার) আবুল হাসেম মৃধা।
এদিকে জেলহত্যা মামলায় খালাস পেলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় ২০০১ সালের ২৭ জানুয়ারি লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল (অব.) শাহরিয়ার রশীদ খান, মেজর (অব.) বজলুল হুদা ও লে. কর্নেল (অব.) একেএম মহিউদ্দিনের মৃত্যুদ- কার্যকর করা হয়।
১৯৭৫ সালের ৩ নভেম্বর বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয়। ২৩ বছর পর আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় গেলে ১৯৯৮ সালের ১৫ অক্টোবর ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান এ মামলার রায় দেন। রায়ে রিসালদার মোসলেম উদ্দিন (পলাতক), দফাদার মারফত আলী শাহ (পলাতক) ও এলডি (দফাদার) আবুল হাসেম মৃধাকে (পলাতক) মৃত্যুদন্ড দেওয়া হয়। যাবজ্জীবন কারাদ- দেওয়া হয় বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ডে দন্ডিত সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, একেএম মহিউদ্দিন আহমেদসহ ১৫ জনকে। খালাস পান বিএনপি নেতা কেএম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুর। জেলহত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত ৩ জন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ আসামি বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছে। সরকার তাদের ফিরিয়ে আনার চেষ্টাও করছে। কিন্তু বন্দী বিনিময় চূক্তি না থাকায় একযুগেও তাদেরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি।


























































