পূর্বাশা ডেস্কঃ
রাজধানীতে ট্রাফিক সার্জেন্টদের বিচারিক ক্ষমতা দেয়ায় জরুরী পরিবহন গাড়িও চরম বিড়ম্বনায় পড়ছে। পাশাপাশি মামলা করার টার্গেট টেকাতে সার্জেন্টরা জরুরীর ধরনও ভুলে যাচ্ছেন।
সোমবার রাতে রাজধানীর বিজয় স্মরণী মোড়ে দায়িত্বরত সার্জেন্ট আব্দুর রহিমের আচরণে এমনটাই মনে হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে সিএনজি অটোরিকশাকে থামতে ইশারা করেন সার্জেন্ট রহিম। কাগজপত্র দেখতে চাইলে দেখানোর পরও নানা তালবাহানা করেন। পত্রিকার সেলোপিন নিয়ে যাচ্ছে জানালে চালকের উপর ক্ষেপে ওঠেন তিনি। একপর্যায়ে বোঝানো হয় সেলোপিন যথাসময়ে ছাপাখানায় না নিতে পারলে পত্রিকা ছাপা হবেনা। এমন কথার পরও পত্রিকা কি তাই বুঝতে চাননা এই পুলিশ কর্মকর্তা। উল্টো চালকসহ রেকার লাগিয়ে আগারগাঁও ডাম্পিংয়ে নিয়ে যান অটো।
বিষয়টি ডিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগের ডিসিকে জানালে তিনি সেলোপিন দেয়ার ব্যবস্থা করলেও গাড়িটি ম্ক্তু করার ব্যাপারে মামলার অযুহাত দেখান।
আগে যানবাহন সংক্রান্ত মামলার বাদি হতেন একজন ট্রাফিক সার্জেন্ট । বিচারক ছিলেন সংশ্লিষ্ট জোনের ডিসি। এখন একই সঙ্গে মামলার বাদি আবার বিচারকের দায়িত্বে সার্জেন্ট থাকায় ক্ষমতা অপব্যবহারের প্রশ্ন উঠেছে।
গতমাসে পান্থপথ মোড়ে দায়িত্বরত স্ট্যালিন নামের একজন সার্জেন্ট ভুল মামলা করে ট্রাফিক পুর্ব বিভাগের ডিসির কাছে ক্ষমা প্রার্থনা করে রক্ষা পান। তবে এবার নতুন নিয়োগ দেয়া সার্জেন্টরা এসব আচরণ করছেন বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশ কর্মকর্তারা।


























































