পূর্বাশা ডেস্কঃ
এক সময় যে বুড়িগঙ্গাকে বলা হতো ঢাকার প্রাণ, সেই নদীকেই ময়লা ফেলার স্থান বা ডাম্পিং স্টেশন বানিয়েছে, খোদ সিটি করপোরেশন। ময়লার স্তুপে একদিকে যেমন দখল হচ্ছে নদী, অন্যদিকে ছড়াচ্ছে ভয়াবহ দূষণ। যার সরাসরি প্রভাব পড়ছে নগরবাসীর জনস্বাস্থ্যে।
ঢাকার ভেতরে বয়ে যাওয়া খাল ও জলাশয়গুলোর অবস্থাও প্রায় একই। প্রতিটি জলাশয়ই যেন একেকটি ভাগাড়।
এ যেন সরকারি উদ্যোগেই বুড়িগঙ্গা ভরাটের মহা আয়োজন। জল দূষণের এই ছবি নিত্য দিনের।
রাজধানীর কামরাঙ্গীচরের এই ব্রীজ থেকে প্রতিদিনই এভাবে সিটি করপোরেশনের ময়লা ফেলা হয় বুড়িগঙ্গায়। বৈঠায়, যে জলের ঢেউয়ে নাও ভাসবার কথা, সেখানে ভাসছে ময়লা। মাছেদের আবাসও যেনো তাই, পোকামাকড়ের বসতি।
অবস্থা এমন যে, নদীটিকেই মনে হয় সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশন।
কাঁদছে বুড়িগঙ্গা। জলের দুষনে হারানো যৌবন ফিরে পাবার কোনো উপায়ও যে তার জানা নেই। যেখানে দুষণের নেতৃত্বে খোদ সিটি করপোরেশনই। এভাবেই একটু একটু করে বুড়িগঙ্গা যে মরতে বসেছে, সে খেয়ালই বা কে রাখছে!
সরকারি উদ্যোগেই যদি বুড়িগঙ্গার জল ঘোলা আর দখল হয় তবে, মৃত্যুপ্রায় এ নদীটিকে বাঁচাবে কে?
দূষণ আর দখলের এ চিত্র যে কেবল বুড়িগঙ্গায় তা কিন্তু নয়। ঢাকার ভেতরে থাকা খাল কিংবা জলাশয়গুলোও প্রতিনিয়ন দুষন ও দখলের শিকার হচ্ছে। দেখতে চাই ঢাকার ভেতরের খাল কিংবা জলাশয়ের চিত্র।
রাজধানীর মোহাম্মদপুর খাল। এই খাল দিয়েই যে এক সময় স্বচ্ছ পানির স্রোত বইতো তা বোঝার উপায় কই! এখন বইছে ডাস্টবিনের ময়লা।
নোংরা পানি আর দুর্গন্ধে দিন দিন দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। এক সময় এমন ৪৩ টি খাল ঢাকাতে বিছিয়ে ছিলো জালের মতো। সে খালগুলোর সবই প্রায় মৃত। ছড়াচ্ছে ভয়াবহ দুষণ।
এই যেমন রামপুরা বনশ্রীর এ খালটিতে ক দিন আগেও চলতো নৌ যান। এখন এটি ময়লার ভাগাড়। খাল উদ্ধারে কিছু উদ্যোগ নেয়া হলেও খুব একটা কাজে আসেনি। বরং পাশে থাকা সিটি করপোরেশন বর্জ্য পড়ছে এ খালেই। পাশের রাস্তা দিয়ে পথ চলাচলই যেন দায়।
নদী খালের দূষণ যেমন পরিবেশ ভারি করছে, তেমনি দূষণ ছড়াচ্ছে নগরীর যানবাহনগুলোও। হাইড্রোলিক হর্ণ আর কালো ধোয়ায় দিন দিন বিষাক্ত হচ্ছে পরিবেশ। যা মানব স্বাস্থের ওপর প্রভাব ফেলছে মারাত্নকভাবে।
পরিবেশ রক্ষা ও নগরবাসীর স্বাস্থ্য ঝুকি মোকাবেলায় তাই সমন্বিত উদ্যোগ নেয়া প্রয়োজন এখনই।


























































