পূর্বাশা ডেস্কঃ
মৌলভীবাজার রজনগর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া মহাসড়কের মহলাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারে কাউকে পাওয়া যায়নি। গাড়িটির চালক পলাতক রয়েছে।
নিহত তিনজনের মধ্যে আলম মিয়া (৪০) রাজনগর উপজেলার প্রেমনগরের বাসিন্দা, জুড়ী উপজেলার কুশাইল এলাকার আজাদ মিয়া (৪৫), অটোরিকশার চালক শাহীন আহমদ (২৫)।
আহতরা হলেন আবদুল আলী (৪৫) ও কয়েস মিয়া (৩০)। তাদের সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিহত ব্যক্তিরা প্রত্যেকেই অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে দুজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান একজন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


























































