পূর্বাশা ডেস্কঃ
স্নাতকের সনদপত্রে আবাসিক হলের পরিচয় সংক্রান্ত জটিলতার কারণে বিড়ম্বনায় পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪০ জন শিক্ষার্থী। ঘটনাটি হল প্রশাসনের দায়িত্বহীনতার কারণে হয়েছে বলে দাবি করছেন শিক্ষার্থীরা।
জানা যায়, ২০১৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল চালু হলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও কাজী নজরুল ইসলাম হল থেকে ৪০ জন শিক্ষার্থী নবনির্মিত বঙ্গবন্ধু হলের আবাসিকের জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন তাদের এ হলে আসন বরাদ্দ দেয়। আসনপ্রাপ্তরা ২০১১-১২ইং শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। সংশ্লিষ্ট হল প্রশাসনকে হলের রেজিস্ট্রেশন বাতিল করতে হলে শিক্ষার্থীদের আবেদন মঞ্জুর করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের পূর্বের হলের রেজিস্ট্রেশন বাতিলের জন্য নামের তালিকা পাঠাতে হয়। কিন্তু বঙ্গবন্ধু হলের তৎকালীন প্রশাসন আবেদনকারী শিক্ষার্থীদের আসন বরাদ্দ করলেও পূর্বের রেজিস্ট্রেশন বাতিল করে বঙ্গবন্ধু হলের জন্য নামের তালিকা পাঠায়নি। পরিচয়পত্রে বর্তমান হলের উল্লেখসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজে এ হল ব্যবহারের পরও অনাবাসিক শিক্ষার্থী হিসেবে স্নাতকের চূড়ান্ত সনদে পূর্বের হলের পরিচয়ই লিপিবদ্ধ হয়েছে। ফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে। হল প্রশাসনের দায়িত্বহীনতার কারণেই এটা হয়েছে বলে দাবি করেন তারা।
হল রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজে সম্পৃক্ত সেকশন অফিসার মোশারফ হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৩ সালে অন্য হল থেকে যেসব শিক্ষার্থীরা বঙ্গবন্ধু হলে আবাসিকের জন্য আবেদন করেছিলেন তাদের নামের তালিকা তাঁর দপ্তরে পাঠানো হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশনে পূর্বের হলের নামই থেকে গেছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, “হল প্রশাসনের দায়িত্বহীনতার কারণেই এমনটি হয়েছে। অথচ আমাদেরকে হলের আবাসিক পরিচয়পত্র প্রদানসহ সব ধরনের কাজ বঙ্গবন্ধু হলের নামে করা হচ্ছে।”
জানতে চাওয়া হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের তৎকালীন প্রাধ্যক্ষ ড. বিশ্বজিৎ চন্দ্র দেব বলেন, “আমি শেষের দিকে যখন দায়িত্ব থেকে চলে আসি তখন এ নামের তালিকা পাঠানোর কথা ছিল।” তবে বর্তমান প্রাধ্যক্ষ দুলাল চন্দ্র নন্দী তৎকালীন হল প্রশাসনকে দায়ী করে বলেন, “এ সমস্যা বর্তমান প্রশাসনের সময়ের নয়। নিয়মিত কাজ করার ফলে ওই সমস্যা আর খেয়াল করা হয়নি। তবে বিষয়টি সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা হয়েছে।”


















































