পূর্বাশা ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার এক সংবাদ ব্রিফিঙে বলেন, “আমরা ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করব। ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি।
“আমরা আশা করছি, অনুমতি পেয়ে যাব। সরকার এখন পর্যন্ত নেগেটিভ কিছু বলেনি। আমরা আশাবাদী, সরকার এটাতে পজেটিভ রেসপন্স করবে।”
মহাসচিবের ব্রিফিংয়ের আগে ৭ নভেম্বরের সমাবেশ সফল করতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলাসহ আশাপাশের জেলার নেতাদের সঙ্গে বৈঠক হয়।
১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী ও জনতার বিপ্লবে জিয়াউর রহমান ক্ষমতা কেন্দ্র বিন্দুতে আসেন। এ দিবসটিকে বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। আওয়ামী লীগসহ জাসদ দিবসটি মুক্তিযোদ্ধা হত্যা দিবস হিসেবে পালন করে।
৭ নভেম্বরের আগে ৩ নভেম্বর বঙ্গবন্ধুর চার ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।
জাতীয় চার নেতাকে হত্যায় জিয়াউর রহমানকে দায়ী করে তার গড়া দল বিএনপির ৭ নভেম্বরের কর্মসূচি প্রতিহতের হুমকি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
ফখরুল বলেন, “কয়েকজন নেতা, তাদের ভাষা স্বৈরাচারী ভাষা। একদলীয় দৃষ্টিভঙ্গিতে তারা রাজনীতি করছেন। আমরা বার বার বলেছি, আমরা সংঘাতের রাজনীতি চাই না।
“আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই। আমরা একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্ট করতে চাই।”
মির্জা ফখরুল অভিযোগ করেন, সমাবেশকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশ তল্লাশি চালাচ্ছে।
তিনি বলেন, “একটা সমাবেশ করা হবে, তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্ট করা হচ্ছে। আমি আশা করি তারা (সরকার) এ থেকে সরে আসবে। এটা সবাই আমরা চাই।”
যশোরের মনিরামপুরের শ্রমিকদল নেতা আনিসুর রহমানকে গত সোমবার সাদা পোশাকের পুলিশ গ্রেপ্তারের বুধবার তাকে ‘ক্রসফায়ারে’ হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন ফখরুল।
৭ নভেম্বরের আগে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক রেজাউল করীম পলসহ নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান বিএনপি মহাসচিব।


























































