আফগানিস্তান ও ইংল্যান্ড – দু’টো হোম সিরিজই মোটামুটি ভাল গেছে বাংলাদেশের। তবে, দু’টো সিরিজেই বাংলাদেশ মিস করেছে দেশের পেস বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমানকে।
তবে, এতদিনে এসে সুসংবাদ দিলেন তিনি। অস্ত্রোপচারের পর মঙ্গলবার, মানে এক নভেম্বর প্রথমবারের মত নেটে বল করেছেন মুস্তাফিজ। মাত্র তিন ওভার বল করেছেন বাঁ-হাতি এই পেসার। নি:সন্দেহে এই খবর বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক।
লতি বছর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালে কাঁধের ইনজুরিতে সিরিজের শেষ দুই ম্যাচ মিস করেন মুস্তাফিজুর রহমান। এরপর একই ইনজুরিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়া হয়নি তার। এমনকি এশিয়া কাপের ফাইনালসহ শেষ দুই ম্যাচ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের বড় অংশ মিস করেন ‘কাটার মাস্টার’।
সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একই রকম ব্যাথা টের পেলেও সেটা খেলায় বাঁধা দিতে পারেনি। আইপিএল শেষে এই ইনজুরিটা পুরো কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন। সেই পুরোনো ব্যাথাটাই সাসেক্সের হয়ে অনুশীলনের সময় ফিরে এসেছিল। এরপরই ইংল্যান্ডে করা হয় তার অস্ত্রোপচার।
মুস্তাফিজের ইনজুরির সর্বশেষ অবস্থার কথা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক বায়েজিদুল ইসলাম। বললেন, ‘আজ (মঙ্গলবার) মুস্তাফিজ নেটে ৪০-৫০% এফর্টে বল করেছেন ১৮টি। তাকে আমরা নিউজিল্যান্ড সিরিজের জন্য তৈরি করছি। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ছয় সপ্তাহ পর সে মোটামুটি ভালো কন্ডিশনে থাকবে বলে আমার মনে হয় অর্থাৎ কম্পিটিটিভ ম্যাচে খেলতে পুরোপুরি প্রস্তুত থাকবে।’
পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা মুস্তাফিজ দু’মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে আছেন। তবে, তার পুনর্বাসন প্রক্রিয়া সন্তোষজনক। ধারণা করা হচ্ছে, আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়েই তিনি মাঠে ফিরবেন।

























































