শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মানহীন পণ্যে আস্থার সংকটে ইউনিলিভার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১১.২০১৬

uniliver-sm20161103080553

পূর্বাশা ডেস্ক:

‘কাপড় ধোয়ার সেরা ডিটারজেন্ট পাউডার সার্ফ এক্সেল’- টেলিভিশনের পর্দায় নিয়মিত দেখানো হয় এমন চটকদার বিজ্ঞাপন। কিন্তু বিজ্ঞাপনের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে অভিযোগ করছেন ভোক্তারা।

ভোক্তাদের অভিযোগ, বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশের এ পণ্যটির দাম বেশি হলেও মানের ঘাটতি অনেক। প্রচারে যতোটা তৎপর, মান রক্ষায় ঠিক ততোটাই উদাসীন।

সার্ফ এক্সেল ব্যবহার করে তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার আবু সুফিয়ান। তিনি বাংলানিউজকে বলেন, ‘ইউনিলিভার বাংলাদেশ কয়েক ধরনের ডিটারজেন্ট বিক্রি করে। কোম্পানির মতে, সবচেয়ে ভালো মানের হলো সার্ফ এক্সেল। তাই দামও বেশি’।

বেশি দামে সার্ফ এক্সেল কিনেও ব্যবহার করতে পারেননি জানিয়ে তিনি বলেন, ‘সার্ফ এক্সেলের প্যাকেট খোলামাত্র যে দুর্গন্ধ বের হলো, তাতে ফেলে দেওয়া ছাড়া উপায় ছিল না’।

ইউনিলিভার বাংলাদেশ গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে অভিযোগ করে তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানের ব্র্যান্ডের কথা বলে বাংলাদেশের গ্রাহকদের ঠকাচ্ছে ইউনিলিভার। মান ঠিক না থাকায় বাংলাদেশে তৈরি ইউনিলিভারের কোনো পণ্য ব্যবহার করি না’।

একই পণ্য বাইরের দেশে শতভাগ মান ঠিক রেখে উৎপাদন করা হলেও বাংলাদেশে মানহীন পণ্য উৎপাদন করছে এমন অভিযোগ চট্টগ্রাম চেম্বার পরিচালক অহিদ সিরাজ স্বপনের।

তিনি বাংলানিউজকে বলেন, ‘ইউনিলিভার বাংলাদেশকে মিসকিন মনে করে। তাই পাশের দেশ ভারতে আন্তর্জাতিক মানসম্মত পণ্য উৎপাদিত হলেও এখানে পণ্যের মান অক্ষুণ্ণ থাকছে না। বাংলাদেশকে নিয়ে ইউনিলিভারের এমন নেতিবাচক মনোভাব দুঃখজনক’।

তিনি বলেন, ‘দেশে উৎপাদিত পণ্যের মান ঠিক না থাকায় সচেতন মানুষেরা একই পণ্য দেশের বাইরে গেলে পরিবারের জন্য নিয়ে আসছেন। অনেকেই আছেন, যারা ইউনিলিভারের পণ্য পাশের দেশ ভারত থেকে নিয়ে আসছেন’।

বাংলাদেশে উৎপাদিত ইউনিলিভারের পণ্যে ভরসা রাখতে পারেন না বলে জানালেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ফিন্যান্স বিভাগের প্রভাষক সুলতানা আকতার।

তিনি বাংলানিউজকে বলেন, ‘ইউনিলিভারের পণ্য (লাক্স, ডাভ সাবান, সানসিল্ক, ডাভ শ্যাম্পু ইত্যাদি) ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমি বাইরের দেশে উৎপাদিত পণ্য কিনি। কারণ, এ কোম্পানির ব্র্যান্ড ব্যবহার করা হলেও বাংলাদেশে উৎপাদিত পণ্যের মান খুবই খারাপ’।

ইউনিলিভার বাংলাদেশের মানহীন পণ্য উৎপাদনের বিষয়ে একমত পোষণ করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মো. জুবায়ের আহমেদ। তবে মান নিয়ন্ত্রণের বিষয়টি তদারকি করার দায়িত্ব সরকারি আরেকটি সংস্থার (বিএসটিআই) হওয়ায় তাদের করার কিছু নেই বলে জানান তিনি।

বিশ্বের অন্যান্য দেশে ইউনিলিভার আন্তর্জাতিক মান বজায় রেখে পণ্য উৎপাদন করলেও বাংলাদেশে তা রক্ষা না করাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন জুনিয়র চেম্বারের নির্বাহী সহ সভাপতি মো. গিয়াস উদ্দিন।

তিনি বলেন, ‘পণ্যের গুণগত মান ঠিক না থাকায় বাংলাদেশের অধিকাংশ মানুষ বিদেশ থেকে ব্যবহার্য পণ্যগুলো কিনে আনে। অথচ মানসম্মত পণ্য উৎপাদন করলে দেশের টাকা দেশেই থাকতো’।

তিনি বলেন, ‘পণ্যের গুণগত মান রক্ষায় ইউনিলিভার বাংলাদেশ যতœশীল হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও একই মানের পণ্য উৎপাদন করবে বলে আমরা আশা করি’।

বাংলাদেশে উৎপাদিত পণ্যে ভোক্তাদের আস্থা না থাকার বিষয়টি স্বীকার করেছেন বিক্রেতারাও। তারা বলছেন, ‘গ্রাহকরা একই কোম্পানির পণ্য বিদেশি হলে বেশি দাম দিয়ে নিয়ে যাচ্ছেন’। নগরীর বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ও বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলেও এর সত্যতা পাওয়া গেছে।

বহুজাতিক প্রতিষ্ঠান হয়েও বাংলাদেশে মানহীন পণ্য উৎপাদনকে এদেশের মানুষের জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চট্টগ্রাম শাখার সভাপতি এস এম নাজের হোসেন।

ইউনিলিভার বাংলাদেশে তাদের পণ্যের দাম ইচ্ছেমতো বাড়িয়ে দেয় অভিযোগ করে তিনি বলেন, ‘অথচ পাশের দেশ ভারতে যখন তখন দাম বাড়াতে পারে না। একই কোম্পানির নীতিও এক হওয়া উচিত। একেক দেশে একেক নিয়ম হবে কেন?’

পণ্যের গুণগত মান ঠিক না রাখার বিষয়টি সরকারকে বিশেষ নজদারিতে রাখার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশিয় কোম্পানিগুলোকে বিভিন্ন সময়ে জরিমানা করা হয়। কিন্তু ইউলিভারকে জরিমানা করা হয়েছে বলে আমার জানা নেই’।

তিনি বলেন, ‘বহুজাতিক কোম্পানি হিসেবে বাংলাদেশ থেকে সব সুযোগ-সুবিধা নিচ্ছে। এরপরও মান ঠিক রাখবে না কেন? এজন্য তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত’।

ইউনিলিভার বাংলাদেশ লাক্স, ডাভ ও লাইফবয় সাবান, ক্লিয়ার, সানসিল্ক ও ডাভ শ্যাম্পু, ক্লোজআপ ও পেপসোডেন্ট টুথপেস্ট, পন্ডস্‌, ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, ভ্যাসলিন এবং কাপড় কাঁচার জন্য রিন, সার্ফ এক্সেল, ভিম, ভিম বার সাবান, হুইল সাবান ও হুইল পাউডারসহ বিভিন্ন ধরনের কসমেটিকস্‌ পণ্য উৎপাদন করে থাকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি