দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৈরি হতে চলেছে নর্থ সাউথ করিডোর। সব ঠিক ঠাক থাকলে আগামী মাস থেকেই শুরু হবে এই রাস্তা তৈরির কাজ। এই রাস্তা বাংলাদেশ, নেপাল, ভুটানের সঙ্গে সরাসরি সংযুক্ত করবে হলদিয়া বন্দরকে। এখন উত্তরবঙ্গের দিকে আসতে হলে ৩৪ এবং ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে আসতে হয়। ২৩০ কিমি দীর্ঘ নর্থ সাউথ করিডোর তৈরি হলে কমে যাবে প্রায় ৭০ কিমি রাস্তা। অনেক কম সময়ে চলে আসা যাবে হলদিয়া বন্দরে। মুর্শিদাবাদের মোরগ্রামের কাছে ৩৪ ও ৬০ নম্বর জাতীয় সড়কের সঙ্গে এই রাস্তাকে সংযুক্ত করা হবে।
নর্থ সাউথ করিডোরের পরকল্পনা করেছিল ২০০৯ সালে বাম সরকার। এরপর থেকেই কেন্দ্রের নানা মন্ত্রকের অনুমোদনের আবেদন করতে হয়েছে। ঋণের আবেদন করতে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের কাছে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। এলাকা পরিদর্শন করেই সবুজ সঙ্কেত দিয়েছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক। এই রাস্তা তৈরিতে খরচ হবে ৪ হাজার ৭০০ কোটি টাকা। যার ৭০ শতাংশ দেবে এশিয়ান ডেবলপমেন্ট ব্যাঙ্ক। বাকিটা দেবে রাজ্য সরকার। রাস্তা তৈরি হয়ে গেলে টোল ট্যাক্স নেবে রাজ্য। জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ। এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের নিয়ম মেনেই দেওয়া হচ্ছে ক্ষতিপূরন। তাড়াতাড়িই ডাকা হবে টেন্ডার।


























































