শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৫ বিঘা জমি দখল করে মোনায়েম খানের বাড়ি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১১.২০১৬

255250_1
পূর্বাশা ডেস্ক:

রাজধানীর অভিজাত বনানী কবরস্থান সড়কে সরকারি জমি দখল করে গড়ে তোলা হয়েছে ‘বাগ-ই-মোনায়েম’। কুখ্যাত মোনায়েম খানের দুই কন্যা এখানে গড়ে তুলেছেন অন্বেষা নামে একটি স্কুলও। তাদের সহযোগী হিসেবে রয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি দুর্নীতিবাজ চক্র।

মোনায়েম খান হচ্ছেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গর্ভনর। মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হন ১৯৭১ সালে। মোনায়েম খানের বরাদ্দ নেওয়া জমির পরিমাণ ১০ কাঠা। ১১০/এ নম্বরে ভুয়া হোল্ডিং বানিয়ে এ জমি দখল করা হয়।

তৎকালীন সময়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর এক অসাধু চক্রের সহযোগিতায় কুচক্রি মোনায়েম খান জবরদখল করে গড়ে তোলেন রাজপ্রাসাদের মতো এ বাড়িটি। বনানী কবরস্থানের দিকে যেতেই চারদিকে ৭ ফুট উঁচু প্রাচীরে ঘেরা বাড়িটি চোখে পড়বে সবার। বেসরকারি মাছরাঙ্গা টেলিভিশনের পরের গলিতেই বাড়িটির অবস্থান। বাড়ির চারিদিকে নারিকেল গাছ, আমগাছসহ অসংখ্য ফল ও ফুল গাছের সমাহার।

এয়ারপোর্ট রোড থেকে বনানী কবরস্থানের দিকে যেতে প্রথমেই চোখে পড়বে বাগ-ই-মোনায়েম। মোনায়েম খানের বাড়ির পূর্ব পাশের গেটে একটি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে। যার নাম অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। বাড়ির সঙ্গেই গড়ে তোলা হয়েছে মসজিদ।

গত ২৬ অক্টোবর সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বাড়ি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। অবৈধ দখলমুক্ত করারও প্রস্তাব দেওয়া হয়।

বাড়িটির বৈধ কোনো কাগজপত্র নেই। তৎকালীন সময়ে আইয়ুব খানের এ হাতিয়ার মোনায়েম খান বনানীর মতো অভিজাত এলাকায় জায়গা নিজের নামে লিখে নেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী মোনায়েম খান ১৯৭১ সালের ১৩ অক্টোবর ঢাকার বনানীর এ বাড়িতে মুক্তিবাহিনীর গুলিতে আহত হন। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি