মঙ্গলবার,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন না আ’লীগের অর্ধ শতাধিক এমপি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১১.২০১৬

rmywaudtpynm-3-550x410

ডেস্ক রিপোর্টঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী বাছাই করতে দেশজুড়ে প্রাথমিক জরিপ চালানো হচ্ছে।  তৃণমূল পর্যায়ে জরিপ চালিয়ে বর্তমান এমপিদের জনপ্রিয়তা এবং সম্ভাব্য প্রার্থীদের অবস্থান যাচাইয়ের কাজ গুছিয়ে রাখছেন। তিনি এরই মধ্যে ২০১৯ সালের ২৪ জানুয়ারির তিন মাস আগে  আয়োজনের বিষয়ে ইঙ্গিত করে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজ সম্পর্কে প্রচারের পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য দলীয় এমপিদের নির্দেশ দিয়েছেন।

এভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে আওয়ামী লীগে। বেশ কয়েকটি আসনে প্রার্থী তালিকা চূড়ান্তও করা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ওই সব আসনে গত জাতীয় সংসদ নির্বাচনের দলীয় প্রার্থীরা মনোনয়ন পাবেন না। এ কারণে তাদের নানাভাবে মূল্যায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকার পরও গত নির্বাচনের একজন প্রার্থীকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য করা হলেও তিনি আগামী সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাবেন না বলে জানা গেছে।

কয়েকজন নীতিনির্ধারক নেতা জানিয়েছেন, বর্তমান এমপিদের মধ্যে অনেকেই আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের দৌড়ে ছিটকে পড়তে পারেন। এর মধ্যে বেশির ভাগই গত জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন। তাদের অনেকেরই জনপ্রিয়তা নেই বললেই চলে।

এই এমপিদের কেউ কেউ অপকর্মের কারণে গণমাধ্যমের বড়োসড়ো শিরোনাম হয়েছেন। এমন এমপির সংখ্যা অর্ধশতাধিক। তাদের দলীয় মনোনয়ন না পাওয়ার ইঙ্গিত দিয়েছেন দলের নির্বাচনী কাজে সম্পৃক্ত কয়েকজন নেতা। এই এমপিদের নির্বাচনী এলাকায় নতুন এমপি মনোনয়ন দেওয়া হবে।

বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী ও প্রধানমন্ত্রীর আস্থাভাজন কয়েকজন বিশিষ্টজনকেও আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হতে পারে। এদিকে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তিনটি কর্মপন্থা তৈরি করেছে আওয়ামী লীগ। সেগুলো হচ্ছে_ সরকারের উন্নয়নমূলক কাজ, আগামী দুই বছরের সম্ভাব্য কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করা এবং প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটকেন্দ্র কমিটি গঠন। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী নভেম্বর থেকে সারাদেশে সাংগঠনিক সফর করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার গণভবনে দলের সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন। প্রধানমন্ত্রী উন্নয়নের পাশাপাশি জনগণের সমস্যার দিকে নজর দেওয়ার জন্য নেতাদের নির্দেশ দেন।

বৈঠকে অংশ নেওয়া কয়েকজন নেতা জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কার্যক্রম গুছিয়ে নিচ্ছে আওয়ামী লীগ। এ জন্য সুনির্দিষ্টভাবে তিনটি কর্মপন্থা তৈরি করা হয়েছে। এসব বাস্তবায়নে কেন্দ্রীয় নেতারা দ্রুতই সাংগঠনিক সফরে বের হবেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি