ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নাসির হোসেনের পরিচিতি ‘মিস্টার ফিনিশার’ হিসেবে। কিন্তু সম্প্রতি দলে তিনি অনিয়মিত। গত আফগানিস্তান সিরিজে স্কোয়াডে থাকলেও তিন ম্যাচের একটিতেও একাদশে ছিলেন না তিনি।
ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচেও তিনি একাদশের বাইরে ছিলেন। ওই ম্যাচে অপ্রত্যাশিতভাবে বাংলাদেশ হেরে যাওয়ার পর নাসির হোসেনকে একাদশে না নেয়া নিয়ে অনেক সমালোচনা হয়। এরপর দ্বিতীয় ম্যাচে একাদশে জায়গা পান এই অলরাউন্ডার।
আর জায়গা পেয়ে ব্যাট ও বল হাতে জবাবটাও ভালোভাবে দেন তিনি। ব্যাট হাতে ২৭ রান করে অপরাজিত থাকার পর বল হাতেও উজ্জ্বল ছিলেন তিনি। ১০ ওভার বল করে ২৯ রান দিয়ে নেন একটি উইকেট। ওই ম্যাচে ৩৪ রানের জয় পায় বাংলাদেশ। এরপর সিরিজের তৃতীয় ম্যাচেও একাদশে জায়গা পান নাসির।
ইংল্যান্ড সিরিজে ভালো করলেও নিউজিল্যান্ড সিরিজের প্রাথমিক দল থেকে বাদ পড়লেন অলরাউন্ডার নাসির হোসেন। তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।
নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ার সিডনিতে দশদিনের অনুশীলন করবে টাইগাররা। এই অনুশীলন ক্যাম্পের জন্য শুক্রবার ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকাটাইমস

























































