রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তখনও বাবার বুকে জড়ানো ছেলের লাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৬

255734_1

পূর্বাশা ডেস্কঃ

রাজধানীর মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামের ভিআইপি গেটের সামনে ট্রাকচাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন, আসাদুজ্জামান (৩৫) ও তার শিশুছেলে রূপক (৬)।

শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ছেলেকে বুকে জড়িয়ে ধরা অবস্থায়ই লাশ উদ্ধার করে পুলিশ। বাবা-ছেলে দু’জনার মাথাই ট্রাকচাপায় থেঁতলে গেছে। স্থানীয় লোকজন ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশে দেন।

মিরপুর থানার ডিউটি অফিসার এএসআই মাহফুজুল হক যুগান্তরকে জানান, আসাদুজ্জামান মিরপুর-২ নম্বরের এইচ-ব্লকের ৬ নম্বর রোডের একটি বাড়িতে ভাড়া থাকেন। তিনি মিরপুরে লারা ফ্যাশন হাউসে ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আসাদুজ্জামান একমাত্র ছেলে রূপককে নিয়ে বাসা থেকে খেলা দেখতে এসেছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। কিন্তু বৃষ্টির কারণে বিপিএলের খেলা পরিত্যক্ত হওয়ায় তারা স্টেডিয়াম থেকে বের হন।

এরপর বাসার উদ্দেশে রিকশায় উঠেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ভিআইপি গেটের কাছে আসতেই বালুবাহী একটি বেপরোয়া ট্রাক তাদের রিকশাটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

ছেলেকে জড়িয়ে ধরা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। তাদের দু’জনের মাথা থেঁতলে গেছে। তবে রিকশাচালক বেঁচে গেছেন। ঘাতক ট্রাক (নং কুষ্টিয়া ট-৪৩৮) ও চালক শহীদ মিয়াকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

মিরপুর থানার ওসি ভূঁইয়া মাহাবুব হাসান যুগান্তরকে জানান, আটক চালক শহীদ মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত বাবা-ছেলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি