‘জ্বীন পরীতে রাস্তা বানাইল নাকি! রাতে বাসায় যাওয়ার সময়ও দেখি ভাঙ্গা চোরা রাস্তা, সকালে উইঠা দেখি পিচঢালা পথ’। কথাগুলো বলছিলেন পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের বাসিন্দা আব্দুল লতিফ রানা।
তিনি বলেন, এই রোডে সারাক্ষন যানজট লেগে থাকে। সেইসাথে রাস্তার অবস্থাও ছিল নাজুক। খানাখন্দে ভরা ছিল কারাগারের গেট পর্যন্ত। কিন্তু এই রাস্তাটি একরাতেই ঠিক হয়ে গেল।
জানা গেছে, পুরান ঢাকার কারাগার পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় তার যাবার কথা রয়েছে। সেখানে বেশকিছু ভবন চিহ্নিত করবেন তিনি। ওইসব ভবন কি করা হবে কোথায় সুইমিং পুল আবার কোথায় রেস্টুরেন্ট হবে তা দেখিয়ে দেবেন প্রধানমন্ত্রী।
এদিকে, গতকাল দর্শনার্থীদেও প্রবেশ বন্ধ রাখা হয়েছে। এর আগে দর্শনার্থীদের জন্য গত ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত উন্মুক্ত রাখার কথা ছিল। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দর্শনার্থী প্রবেশ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।
অপরদিকে সকালে নাজিমউদ্দিন রোডে গিয়ে দেখা যায়, পানির মধ্যেই পিচ ঢালাই চলছে। জোরেসোরেই চলছে রাস্তা মেরামতের কাজ। সিটি করপোরেশন কর্মীরা ব্যস্ত সময় পার করছেন এ কাজে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি নিরাপত্তার বিষয়টিও নজর কাড়ার মত। নাজিমউদ্দিন রোডের মাথা থেকে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে। রাস্তার প্রবশে পথে দড়ি টানিয়ে পায়ে হেটে যেতে বলা হচ্ছে পথচারিদের। বিশেষ করে ওই রোডের বাসিন্দাদের যাতায়াত করতে দেয়া হচ্ছে। পাশাপাশি কারা ফটক থেকে রোডের প্রবশে পথের সকল দোকান পাট বন্ধ কওে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে।


























































