শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাসরঘর থেকে মর্গে!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৬

255805_1
ডেস্ক রিপোর্টঃ

প্রেমের সূত্র ধরে পরিণয়, কিন্তু বাসর ঘরই যেন কাল হলো মেয়েটির। বাসর ঘর থেকে উদ্ধার হলো তার লাশ। বলা হচ্ছে আত্মহত্যা, মামলা হয়েছে অপমৃত্যুর। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের দক্ষিণ ইসলামপুর গ্রামে।

পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে দক্ষিণ ইসলামপুর গ্রামে স্বামীর বাড়িতে ওই নববধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামীর বাড়িতে কাউকে খুঁজে পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের এসআই মোরশেদ জানান, ৭ মাস আগে দক্ষিণ ইসলামপুর গ্রামের আমির হোসেন বেপারীর ছেলে নাহিদ বেপারীর (২২) সঙ্গে একই গ্রামের আলাউদ্দিন শেখের মেয়ে রিংকু পালিয়ে বিয়ে করেন। শুক্রবার দুই পক্ষের আনুষ্ঠানিকতা শেষে স্বামীর বাড়িতে বাসরঘরে যান রিংকু। কিন্তু শনিবার ভোরে সে অজানা কারণে আত্মহত্যা করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রিংকুর বাবা আলাউদ্দিন শেখ বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করছেন।

রিংকুর বাবা আলাউদ্দিন শেখ জানান, আনুষ্ঠানিক ভাবে মেয়েকে হাসিমুখে স্বামীর ঘরে পাঠালাম। কিন্তু এরপর কী হলো জানি না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি