রাজশাহীর পুঠিয়ায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে হাতের কব্জি উড়ে যাওয়া যুবক আব্দুল খালেকের বাড়ি থেকে বোমা উদ্ধার করা হয়েছে। চারঘাট থানা পুলিশ উপজেলার গোপালপুরের বাড়ি থেকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে বোমা ও জিহাদি বই উদ্ধার করে।
আব্দুল খালেক ওই গ্রামের আবু বাক্কার শেখের ছেলে। তিনি তার বড় ভাই মাজেদুল ইসলামের বাড়িতে থাকতেন।
পুলিশের ভাষ্য মতে, ঘটনাস্থল থেকেই দুটি বোমা, পাঁচটি নতুন চাপাতি, দুটি চায়নিজ কুড়াল, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয় শাইখ আব্দুল হালিমের লেখা দুটি জিহাদি বইয়ের ফটোকপিও। এ ঘটনায় রাতে আব্দুল খালেকের ভাবি ইসমত আরা, বাবা আবু বাক্কার শেখ ও মা ফাতিমা বেগমকে আটক করে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদ শেষে রাতে তার মা-বাবাকে ছেড়ে দেয় হয়েছে। এখনো পুলিশ হেফাজতে রয়েছেন তার ভাবি ইসমত আরা।
চারঘাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, পুঠিয়ার তাড়াশে গ্রামে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আব্দুল খালেকের দুই হাতের কব্জি উড়ে যাবার খবর পেয়ে রাতেই সেখানে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে সেখান থেকে জিহাদি বইসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া এখনো তার ভাবি পুলিশ হেফাজতেই রয়েছেন।
ওসি আরো বলেন, আব্দুল খালেকের ভাই মালয়েশিয়ায় চাকরি করেন। এলাকায় ভাইয়ের আমের ব্যবসা রয়েছে। সেটি দেখাশোনা করেন আব্দুল খালেক। এছাড়া চারঘাট এমএ হাদী কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী তিনি। পাশাপাশি ভাইয়ের ব্যবসা দেখাশোনা ও পুরোনো মোটরসাইকেল কেনাবেচা করেন। এনিয়ে থানায় বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। এনিয়ে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, খালেকের আপন চাচাতো ভাই লালন ওরফে আবদুল্লাহকে গত জুন মাসে তার বাড়ি থেকে বোমাসহ গ্রেফতার করা হয়। জঙ্গি সংশ্লিষ্টতার মামলায় লালন সাত বছর জেল খেটে আসার পরে আবার ধরা পড়েন। লালন একজন জেএমবি সদস্য।
এদিকে, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি-পুঠিয়া সার্কেল) আসলাম আলী জানান, শনিবার রাতেই আব্দুল খালেক, সোহরাব হোসেন, তার জামাই বুলবুল ও ছেলে জাহিদুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে।
সোহরাব হোসেনের স্ত্রী মাতোয়ারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি মামলার আসামি নন। তাই জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হবে। আব্দুল খালেকের জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এএসপি।


























































