সোমবার,৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কালনাসহ ১৭ সেতু ও টোল প্লাজা নির্মাণে চুক্তি স্বাক্ষর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০১৬

kalna-bridge-sm20161107163358

ডেস্ক রিপোর্টঃ

জাপানের অর্থায়নে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর ওপর কালনা সেতুসহ দেশের অন্যান্য সড়কে ১৭টি সেতু, একটি টোল প্লাজা এবং দুটি এক্সেল লোড স্টেশন নির্মিত হচ্ছে। এ লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে আজ (সোমবার) সেতু ভবনে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় গণমাধ্যমকর্মীদের মন্ত্রী জানান, ১৭টি সেতুর মধ্যে বেনাপোল-মাদারীপুর সড়কে পাঁচটি সেতু, বারৈয়ারহাট-রামগড় সড়কে আটটি সেতু এবং কক্সবাজার-চট্টগ্রাম সড়কে নির্মাণ করা হবে চারটি সেতু। আড়াই হাজার কোটি টাকার এ প্রকল্পে জাপান প্রায় এক হাজার নয়’ কোটি টাকা অর্থায়ন করবে।

মন্ত্রী বলেন, পদ্মা সেতুর পুরোপুরি সুবিধা কাজে লাগাতে হলে আমাদের এশিয়ান হাইওয়ের মিসিং লিংক কালনা সেতুও নির্মাণ করতে হবে। চার কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কসহ সাতশ’ মিটার দীর্ঘ চারলেনের কালনা সেতু নির্মাণে প্রায় ছয়শত বাহাত্তর কোটি টাকা ব্যয় হবে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের জানান, ডিজাইনসহ অন্যান্য প্রস্তুতি অগ্রাধিকার ভিত্তিতে শেষ করে আগামী মার্চে কালনা সেতুর মূল কাজ শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রকল্পের আওতায় প্রায় ২২৮ কোটি টাকা চুক্তিমূল্যে নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠানগুলো ১৭টি সেতু ও সাতটি কালভার্ট, একটি টোল প্লাজা এবং দুটি এক্সেল লোড কন্ট্রোল স্টেশনের নকশা তৈরি এবং নির্মাণকাজ তদারক করবে।

চুক্তিপত্রে সড়ক ও জনপথ অধিদফতরে প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং পরামর্শক প্রতিষ্ঠানগুলোর লিড পার্টনার অরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল কোম্পানি লি., অরিয়েন্টাল কনসালটেন্টস কোম্পানি লি. ও প্যাডকো কোম্পানি লি. এর দলনেতা আসুশি নিশিমুরা এবং মহাব্যবস্থাপক রুহি ঈশি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

এছাড়া চুক্তি অনুযায়ী সহযোগী পরামর্শক হিসেবে কাজ করবে স্ম্যাক ইন্টারন্যাশনাল পিটিওয়াই লি., জাপান ব্রিজ অ্যান্ড স্ট্র্যাকচার ইনস্টিটিউট ইন-কর্পোরেশন, এসিই কনসালটেন্টস লি., ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস্ লি. এবং বিসিএল অ্যাসোসিয়েটস্ লি.।

এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. আহমেদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি