পূর্বাশা ডেস্ক:
যোদ্ধা তিনি। সাতবার অস্ত্রোপচার টেবিলে গিয়েও অপরাজিত তিনিই। তিনিই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শত প্রতিবন্ধকতা সত্ত্বেও বারবার ফিরেছেন ক্রিকেট মাঠে। স্বপ্নে ভাঁসিয়েছেন ১৬ কোটি মানুষের চোখ। এনে দিয়েছেন সফলতার সোনালী দিন। মঙ্গলবার (৮ নভেম্বর) বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সক্রিয়ভাবে মাঠে থেকে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫ বছর অতিক্রম করছেন তিনি।
মাশরাফির বলিষ্ঠ নেতৃত্ব এবং তাঁর কৃতজ্ঞতার ভাষা যেন যোদ্ধার মতোই। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার সম্বন্ধে বলতে গিয়ে মাশরাফি বলেন, ‘এই অনুভূতি আসলে বলে বোঝানো সম্ভব নয়। খুবই ভালো লাগছে। কতোটা কী করেছি এই কারণে নয়। দেশের জার্সি গায়ে কত বছর জাতীয় দলে খেলেছি এটাই বড় তৃপ্তি।’
১৮ বছর বয়সে বাংলাদেশের ক্রিকেটে গতির ঝড় তুলে সবার নজরে আসেন মাশরাফি। আর তাতেই বয়সভিত্তিক ক্রিকেটের গন্ডি পেরিয়ে জাতীয় দলে ডাক পান। মাশরাফিকে পেয়ে বাংলাদেশ ক্রিকেট পেস আক্রমণে নতুন অস্ত্র খুঁজে পায়। আন্তর্জাতিক ক্রিকেটে ২০০১ সালের ৮ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে যাত্রা শুর তাঁর। অভিষেক টেস্টে মাত্র এক ইনিংস বল করার সুযোগ হয় ডানহাতি পেসার মাশরাফির। ৩২ ওভার বল করে ১০৮ রানে শিকার করে নেয় ৪ উইকেট।
যাত্রাপথে বাধা এসেছে অনেক। অনেক ভুগতে হয়েছে ইঞ্জুরিতে। দুই হাঁটুতে সাতটি অস্ত্রোপচারসহ অসংখ্য চোটের ধকল সয়ে, বহু চড়াই-উৎরাই পার করেছেন তিনি। আবর ফিরেছে নতুন সম্ভাবনার যুদ্ধে। জয় এনে দিয়েছেন ১১ যোদ্ধার হয়ে ১৬ কোটি মানুষের কাছে।
২০১৪ সালের ডিসেম্বরে দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব পান মাশরাফি। এরপর থেকেই টাইগাররা রঙিন পোশাকের ক্রিকেটে বদলে যায়। ২০১৫ বিশ্বকাপে যার শুরু তা আজো অব্যাহত রেখেছেন তিনিই। ২০১৫ সালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোনো বিশ্ব আসরে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়োছিল লাল-সবুজরা। এরপর শুরু হলো ইতিহাস। দেশের মাটিতে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ জয়।
এখন পর্যন্ত ৩৬ টেস্টে মাশরাফি ৭৮ উইকেট নিয়েছেন। ১৬৬ ওয়ানডে তাঁর উইকেট সংখ্যা ২১৬। আর ৪৯ টি-টুয়েন্টিতে উইকেট নিয়েছেন ৩৬টি।
ক্যারিয়ারের শুরু থেকে চোটের সঙ্গে লড়াই করতে না হলে, আরও বেশি সমৃদ্ধ হতো মাশরাফির ক্যারিয়ার। এই নিয়ে আক্ষেপ আছে ক্রিকেট প্রেমীদের অনেকেরই। তবে মাশরাফি ইজ বস্। বস ইজ অলোয়েজ ফিট। সব বাধা পেরিয়ে দেশের হয়ে কিছু করতে পারাটাই যেন তাঁর কাছে বড় প্রাপ্তি। যতদিন পারেন দেশের হয়ে খেলে যাবেন, এটাই ম্যাশের একমাত্র চাওয়া।
জীবন দর্শনেও মাশরাফি অনবদ্য। ধ্যান-জ্ঞান-মন-মননে একজন ক্রিকেটারের আগেও মাশরাফি একজন মানুষ। কিছুদিন আগে মাশরাফি বলেছিলেন, ‘জীবন মানেই ক্রিকেট ম্যাচ নয়। জীবন মানেই আপনি কয়টা উইকেট পেলেন আবার কতো বলে কতো রান করলেন সেই হিসেব নয়। আপনি কত বড় সুপারস্টার হলেন সেটাও নয়। এক পর্যায়ে এসবের কোনো মূল্যই থাকবে না। আমি মনে করি আপনি কাউকে ভালোবাসছেন আবার কেউ আপনাকে ভালোবাসছে- এটাই হলো জীবন। আমি এভাবেই জীবনটাকে দেখি।’

























































