পূর্বাশা ডেস্কঃ
পদ আর যোগ্যতার মূল্যায়ন নিয়ে শঙ্কায় থাকায় অবসর স্কিম (স্বেচ্ছা পৃথকীকরণ স্কিম-ভিএসএস) বেছে নিতে শুরু করেছেন এয়ারটেল এর শীর্ষ কর্তারা। মঙ্গলবার (৮ নভেম্বর) শেষ হচ্ছে এই স্কিমে আবেদন করার সুযোগ। ইতোমধ্যেই রবির সঙ্গে একীভূত হয়ে যাওয়ায় নিজের যোগ্যতা অনুযায়ী পদ ও সুবিধা না পাওয়ার আশঙ্কায় এই স্কিম বেছে নিয়েছেন এয়ারটেল বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার, চিফ সার্ভিস অফিসার, হেড অব লিগ্যাল।
আর প্রক্রিয়ার মধ্যেই বিদায় নিয়েছিলেন প্রতিষ্ঠানটির হেড অব আইটি। তবে চ্যালেঞ্জ নিয়েই থাকছেন মানবসম্পদ বিভাগের প্রধান মারিহা হক এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের হেড-পিআর অ্যান্ড আইসি শমিত মাহবুব শাহাবুদ্দীনের মতো অনেকেই।
সূত্রমতে, অবসর স্কিমটি এককভাবে দেখভাল করছেন ভারতীয় এয়ারটেলের কলকাতা এবং আসাম অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী হিসেবে প্রায় দুই বছর দায়িত্ব পালন করে আসা পশ্চিমবঙ্গের নাগরিক পিডি শর্মা। অবসর স্কিম নিয়ে খুব শিগগিরই একটি সংবাদ সম্মেলনের মাধ্যেমে এ বিষয়ক তথ্য তুলে ধরা হবে।
জানাগেছে, রবি-এয়ারটেল একীভূত হয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর হতে চলা নতুন কোম্পানিতে যেতে অনাগ্রহী এয়াটেলের মোট ৪৩৫ কর্মীর মধ্যে অবসর স্কিম ঘোষণার আগেই শীর্ষ ২ কর্তাসহ ২৫ জনের মতো চাকরি ছেড়েছেন। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে নিয়োজিত ছিলেন ২৫০ জনের মতো। আজ এদের অনেকেই চাকরি ছাড়ার আবেদন জমা দিচ্ছেন। ঘনিষ্ঠ সূত্র বলছে, শেষ দিনের আবেদর হিড়িক দেখে মনে হচ্ছে এয়ারটেলে অর্ধেক কর্মীই স্বেচ্ছা অবসরে যাচ্ছেন। আর অবসর স্কিম (ভিআরএস) বা স্বেচ্ছা পৃথকীকরণ স্কিম (ভিএসএস) এর আওতায় সোমবার পর্যন্ত অপারেটরটি হতে চাকরি ছাড়ার আবেদন করেছেন ৭২ জন কর্মী।
এদের মধ্যে চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার আশরাফুল এইচ চৌধুরী এবং চিফ সার্ভিস অফিসার রুবাবা দৌলা এবং হেড অব লিগ্যাল সাকিব সিকদারও রয়েছেন।
এ বিষয়ে আশরাফুল এইচ চৌধুরী ব্রেকিংনিউজ.কম.বিডিকে বলেন, ‘টেলিকম খাতে স্বদেশিরা বরাবরই উপেক্ষিত হয়ে আসছেন। অভিজ্ঞতা ও যোগ্যতা থাকলেও এখানে শীর্ষ পদে বাংলাদেশিদের নিয়োগ খুব একটা সহজ নয়। আর আমি তো ২০ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি। এক সময় রবির ফাউন্ডার জেনারেল ম্যানেজারও ছিলাম। এমন পরিস্থিতিতে অবসরে যাওয়াকে ভালো মনে করছি।’
এক প্রশ্নের জবাবে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের হেড-পিআর অ্যান্ড আইসি শমিত মাহবুব শাহাবুদ্দীন জানান, একীভূত করণের কারণে অনেক কর্মীই স্বেচ্ছা অবসরে গেলেও রবি’তে সমান সুযোগ পাওয়ায় অনেকেই আবার থেকে যাচ্ছেন। তিনি জানান, এই প্রক্রিয়ায় আশা টাওয়ারসহ দেশজুড়ে এয়ারটেলের যে ১২০টি কাস্টমার কেয়ার রয়েছে এসব জায়গা থেকে নিরবিচ্ছিন্ন সেবা পাবেন আমাদের গ্রাহকরা।
প্রসঙ্গত, একীভূতকরণ বিষয়ে আদলত থেকে প্রদত্ত ভিএস স্কিম ম্যানেজারের নীচের পদে প্রতি বছরের জন্য ৩টি করে পুরো বেতন আর ম্যানেজারের উপরের পদে প্রতি বছরের জন্য ২টি করে পুরো বেতন অথবা, ম্যানেজারের নীচের পদে প্রতি বছরের জন্য ৪টি করে বেসিক আর ম্যানেজারের উপরের পদে ৩টি করে বেসিক প্রদানের নির্দেশনা দেয়া হয়। আর ভিআরএস ও ভিএসএস গ্রহণ করে উল্লেখিত স্কিমের আওতায় পুরো অর্থ পরিশোধ করতে হবে ৬০ দিনের মধ্যে যা বিস্তারিত জানাতে হবে বিটিআরসিকে।
এছাড়া একীভূতকরণ সম্পন্নের পর হতে তিন বছরের মধ্যে অপারেটর দুটির কোনো কর্মীকে চাকরিচ্যুত করার আগে তার উপযুক্ত কারণসহ সবকিছু বিটিআরসিকে জানাতে হবে।

























































