মোটা সুতার পোশাক নাকি ক্রেতারা কম পছন্দ করেন! কিন্তু জিনস? যুগের পর যুগ ধরে জনপ্রিয়তায় অন্যদের টেক্কা দিচ্ছে। তরুণদের কাছে তো বটেই, মধ্যবয়সীরাও পরছেন জিনস। সাদা কার্পাস তুলা দিয়ে তৈরি মোটা সুতা। সেই সুতায় বোনা ডেনিম কাপড়ের ওপর নানা ধরনের রং আর ওয়াশের পর তৈরি হয় জিনসের একেকটি পোশাক।
জিনসের প্যান্টে এখন জনপ্রিয় স্ট্রেট, ন্যারো ও স্লিম ফিটসারা বছর তো আছেই, শীত আসার আগে আগে ডেনিমের পোশাকের চাহিদা অনেক বেড়ে যায়। ফ্যাশন হাউস ওটুর প্রধান ফ্যাশন পরামর্শক আসিফ ইকবাল যোগ করলেন, তরুণদের মধ্যে ডেনিমের জনপ্রিয়তার কারণেই নানা ধরনের ওয়াশ হচ্ছে আজকাল। বিশেষ করে শীতকালে জিনসের পোশাকে বেশি বৈচিত্র্য দেখা যায়। কারণ, এই সময়ে জিনসের চাহিদা বেশি। টপ ও বটম—দুই ধরনের জিনসের পোশাকই পরছেন তরুণেরা।
বাংলাদেশেই এখন অনেক আন্তর্জাতিক ব্র্যান্ডের জিনসের প্যান্ট, শার্ট, কটি বা মেয়েদের টপ তৈরি হয়। দেশি ফ্যাশন হাউসের ডিজাইনাররাও জিনসের পোশাকে নানা ধরনের নিরীক্ষা চালাচ্ছেন। ছোটখাটো নানা ধরনের যোগ-বিয়োগ দেখা যাচ্ছে তাঁদের তৈরি ডেনিম কাপড়ের শার্ট, প্যান্ট বা কটিতে। ফ্যাশন হাউস ফ্রিল্যান্ডের পরিচালন ব্যবস্থাপক মোহাম্মদ পাভেল বলেন, জিনসের তৈরি প্যান্টে এখন জনপ্রিয় কাট বলতে স্ট্রেট, ন্যারো ও স্লিম ফিট—এই তিনটি ধরন দেখা যাচ্ছে। মেয়েদের প্যান্টে কোমরের দিকে চওড়া ইলাস্টিকের ব্যবহার হচ্ছে। ছেলেদের প্যান্টের পকেট বা বোতাম ব্যবহারে কিছুটা বৈচিত্র্য থাকবে।
.ডেনিমের যত পোশাক
মেয়েদের জিনসের ফুল প্যান্ট, খাটো প্যান্ট, ছেলেদের নানা আকৃতির ফুল প্যান্ট ছাড়াও থ্রি কোয়ার্টার ও খাটো প্যান্ট আছে বাজারে। আছে ফুলহাতা ও হাফহাতার শার্ট বা শার্টের ওপরে পরার জন্য নানা ধরনের জিনসের কটি। কয়েক বছর আগেও পায়ে চেপে থাকায় জিনসের প্যান্ট পরতে অনেকে ভয় পেতেন। এই সমস্যা থেকেই স্টিচ জিনসের জনপ্রিয়তা বেড়েছে। দেশি ব্র্যান্ডের পাশাপাশি বিদেশি নানা ব্র্যান্ডের জিনসও পাবেন ঢাকায়। তবে সেটা পুরোপুরি নিখুঁত নয়। ঢাকার নিউমার্কেট এলাকার নূরজাহান সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, এলিফ্যান্ট রোড, গুলিস্তানের বঙ্গবাজার ইত্যাদি জায়গায় বিভিন্ন দোকানে মিলবে বিদেশি ব্র্যান্ডের ‘রিজেক্ট’ করা জিনস।
জিনস দিয়ে তৈরি হচ্ছে শার্ট ও কটি.জিনসে জনপ্রিয় ওয়াশ
জিনস বলতেই নীল রং মাথায় আসে। বিশেষ করে ডেনিমের ক্ষেত্রে। তবে নীল ছাড়াও নানা ধরনের রংচটা জিনসের চাহিদা বরাবরের মতো এখনো। জিনসের এই রঙের ভিন্নতা আসে ওয়াশের পর। একটা গাঢ় নীল জিনসের প্যান্টকে ওয়াশ করে সহজেই আরেক রঙে রূপান্তর করা যায়। ফ্যাশন হাউস ব্যাঙের স্বত্বাধিকারী সায়েম হাসান বলেন, জিনসের আসল মজাটাই হলো ওয়াশে। এই সময়ে যেসব ওয়াশ বেশি চলছে, তার মধ্যে আছে অ্যানজেম, সিলিকন, ডিপ ডাই, অ্যাসিড ওয়াশ, স্টোন ওয়াশ বা টাওয়েল ওয়াশ। এসব ওয়াশের পোশাক বেশি পরছেন কম বয়সের ছেলেমেয়েরা।
সাধারণত জিনসের প্যান্টে স্টোন, অ্যানজেম, ডার্টি ও টাওয়েল ওয়াশ বেশি দেখা যাচ্ছে এবার। শার্টে চলছে মিডিয়াম ও অ্যাসিড ওয়াশ। বেল্ট লুপে ভিন্নতা আনতে অনেক প্যান্টে বাঁকা করে বসানো হচ্ছে সেটা। এ ছাড়া কয়েন পকেটের শেপেও দেখা যাচ্ছে ভিন্নতা।
টপ হোক আর বটম জিনস—বেছে নিন শীতের আগেই। উষ্ণতা তো পাবেনই, সেই সঙ্গে স্টাইলেও জাদু।


























































