৮ নভেম্বর। স্মৃতির পাতায় আজও চিরঅম্লান। সেদিন লাল-সবুজের জার্সিতে পথচলা শুরু হয় বাংলাদেশ ক্রিকেটের অন্যতম মহানায়ক মাশরাফি বিন মর্তুজার। ২০০১ থেকে ২০১৬। আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫টি বছর পার করলেন এই টাইগার সুপারস্টার। দীর্ঘ পথ পরিক্রমায় তাঁর সঙ্গী হয়েছে অসংখ্য প্রাপ্তি আর হতাশার গল্প। বয়স তখন ১৮ ছুঁইছুঁই। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্যাপ মাথায় ওঠে মাশরাফির। পেসার মাশরাফির মাঠের শুরুটা হয়েছিল ব্যাট হাতে। প্রথম দিন ৪৫ মিনিট ক্রিজে থেকে ২২ বল থেকে করেছিলেন ৮ রান। বৃষ্টির বাগড়ায় ম্যাচটি অমীমাংসিত থেকে যায়। কিন্তু অভিষেকেই মাশরাফি তাঁর জাত চিনিয়েছেন। ১০৬ রানে তুলে নেন ৪টি উইকেট। তাঁর প্রথম শিকার ছিলেন সে সময়কার তারকা ক্রিকেটার গ্র্যান্ট ফ্লাওয়ার। তারপর থেকে আর পেছনে ফিরতে হয়নি মাশরাফিকে। দুর্বার গতিতে এগোতে থাকে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে অতিক্রম করেন ১৫ বছর। ক্রিকেটে মহলে ছড়িয়ে পড়ে মাশরাফির নাম-ডাক। ঝুলিতে পুরে একাধিক খেতাব। স্থান করে নেন ক্রিকেটপ্রেমীদের মনের মণিকোঠায়। ২০০৪ সালে ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে জয়লাভ করে বাংলাদেশ। সেই অবিস্মরণীয় জয়ের নায়ক ছিলেন মাশরাফি। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে বল হাতে দ্যুতি ছড়ান মাশরাফি।বাংলাদেশি বোলারদের মধ্যে তাঁর গড় ছিল সবচেয়ে ভালো। কার্ডিফে অস্ট্রেলিয়ার বধের চিত্রনাট্যটাও তাঁর হাত দিয়ে রচিত। ওই ম্যাচে মারকুটে ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে শূন্য রানে ফেরান তিনি। সে বছর ৪৯টি উইকেট নিয়ে মাশরাফি ছিলেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের সর্বাধিক উইকেট শিকারি। ২০০৭ সালে বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে অসাধারণ জয় তুলে নেয় বাংলাদেশ। সেই ঐতিহাসিক জয়ে ৩৮ রানে ৪ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেন মাশরাফি। ২০১৬ সালের বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে দুই উইকেট সংগ্রহের মাধ্যমে মোট ২১৬ উইকেট ঝুলিতে পুরেন মাশরাফি। সেই সুবাদে বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারির খাতায় নাম লেখান মাশরাফি। কেবল বোলার নয়, ব্যাটসম্যান হিসেবেও রয়েছে তাঁর খ্যাতি। ভারতের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিত একদিনের ক্রিকেটে পরপর চার বলে ছক্কা হাঁকান মাশরাফি। সেই ওভার থেকে ২৬ রান সংগ্রহ করেন তিনি। যা কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের জন্য এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড। তাছাড়া টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যথাক্রমে ৭৯৭, ১৪৯৫ ও ৩৬৬ রান করেছেন মাশরাফি। ক্যারিয়ারের শুরু থেকেই বহুবার ইনজুরির কাছে ধরাশয়ী হন মাশরাফি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নেমে হাঁটুতে আঘাত পান তিনি। ফলে প্রায় দু’বছর মাঠের বাইরে নীরব দর্শক হয়ে থাকতে হয়েছিল মাশরাফিকে। এছাড়া ২০১১ সালে দেশের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ। কিন্তু ঘরের মাঠে মাশরাফিকে বিশ্বকাপ খেলতে দেয়নি হাঁটুর চোট। সবমিলে দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১ বার ইনজুরিতে পড়েছেন মাশরাফি বিন মর্তুজা। যেন ইনজুরিই তাঁর ‘চিরশত্রু’। ১৯৮৩ সালের ৫ অক্টোবর। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের জেলা নড়াইলে জন্মগ্রহন করেন মাশরাফি। মা-বাবা আদর করে কৌশিক নামে ডাকতেন। ছোটবেলা থেকেই কৌশিক ছিল বেশ ডানপিটে। বাঁধাধরা পড়াশোনার পরিবর্তে ফুটবল আর ব্যাডমিন্টন খেলতেই বেশি পছন্দ করতেন তিনি। মাঝে মধ্যে বন্ধুদের নিয়ে চিত্রা নদীতে সাঁতার কাটা।এভাবেই নিজের দুরন্ত শৈশবটা কাটান মাশরাফি। ব্যক্তিগত জীবনে বেশ হাসিখুশি আর উদারচেতা মানুষ মাশরাফি। ‘নড়াইল এক্সপ্রেস’ নামে অভিহিত মাশরাফির অন্যতম শখ বাইক নিয়ে ঘুরে বেড়ানো।নিজের শহরে বেশ জনপ্রিয় মুখ মাশরাফি। সেখানে তাঁকে ‘প্রিন্স অব হার্ট’ বলা হয়। নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় সুমনা হক সুমির সাথে মাশরাফির পরিচয়। সেখান থেকেই মন দেয়া-নেয়া। এরপর ২০০৬ সালে বিবাহবন্দনে আবদ্ধ হন মাশরাফি-সুমি জুটি।

























































