অবৈধ ঘোষণার চার মাস পরও আউটার ক্যাম্পাস চালাচ্ছে ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এসব আউটার ক্যাম্পাস উচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরই মধ্যে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে চিঠিও দিয়েছে কমিশন।
জুলাই মাসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত। কিন্তু নির্দেশ অমান্য করেই আউটার ক্যাম্পাসের কার্যক্রম চালাচ্ছে বেশকিছু বিশ্ববিদ্যালয়।
দেশের ছয়টি জেলায় ১৪টি আউটার ক্যাম্পাস পরিচালনা করছে সাউদার্ন বিশ্ববিদ্যালয়। শুধু চট্টগ্রামেই রয়েছে বিশ্ববিদ্যালয়টির পাঁচ টি আউটার ক্যাম্পাস। কয়েক দফা যোগাযোগ করা হলেও সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
আরো নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আউটার ক্যাম্পাস পরিচালনার অভিযোগ এসেছে ইউজিসির কাছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে ইউজিসির চেয়ারম্যান আব্দুল মান্নান।
আদালতের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন।
আউটার ক্যাম্পাস বন্ধ না করলে শাস্তি হিসেবে মূল ক্যাম্পাস বন্ধের হুঁশিয়ারিও দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।


























































