বেলাল হোসাইনঃ
আজ ১১ নভেম্বর, ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস। ১৯৭১ সালের এই দিনে কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা গ্রামে ন্যাপ-কমিউনিস্ট পার্টি এবং ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর ৯ মুক্তিযোদ্ধা পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন। শহীদরা হলেন নিজাম উদ্দিন আজাদ (ছাত্রনেতা), সিরাজুল মনির, জহিরুল হক দুদু, মোহাম্মদ সফি উল্যাহ, আওলাদ হেসেন, আবদুল কাইউম, বশিরুল ইসলাম, মো. শহীদ উল্যাহ এবং কাদের মিয়া। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের এই ইতিহাসকে সমুজ্জল করে রাখতে প্রতি বছর ১১ নভেম্বর পালিত হয় বেতিয়ারা শহীদ দিবস।
বেতিয়ারা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি মো: জিয়াউল হোসেন জেবু জানান, প্রতিবছরের ন্যায় এবারো যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে। ১১ নভেম্বর শুক্রবার সকাল ৬ টায় প্রথম পর্বে পতাকা উত্তোলন, দুপুর ১১ ঘটিকায় ২য় পর্বে কোরআন তিলাওয়াত, দুপুর ১২.৩০ মিনিটে আলোচনা সভা এবং বাদ জুমা দোয়া মিলাদ মাহফিলের মাধ্যমে দিবসটি পালিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঐক্যন্যাপের সভাপতি পঙ্কজ কুমার ভট্রাচার্য্য।
স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদকসহ স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতাযুদ্ধ চলাকালে প্রিয় মাতৃভূমিকে শত্রুমুক্ত করার প্রত্যয়ে যৌথ গেরিলা বাহিনীর ৭৮ সদস্য ভারতের বিভিন্ন ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে ১০ নভেম্বর রাত ৮টায় চৌদ্দগ্রামের সীমান্তবর্তী ভৈরবনগর সাব-ক্যাম্পে (চৌত্তাখোলা ক্যাম্পের শাখা) পৌঁছান। এ বাহিনীর পরিকল্পনা ছিল নোয়াখালীর সেনবাগ এবং কাজিরহাট এলাকা নিয়ে একটি মুক্তাঞ্চল গড়ে তোলা। প্রণীত নকশা অনুযায়ী সাব-ক্যাম্পের ৩৮ গেরিলা মুক্তিযোদ্ধাকে দুই ভাগে বিভক্ত করে বেতিয়ারা চৌধুরীবাড়ির দুই পাশে অ্যাম্বুশ পাতা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক শত্রুমুক্ত কিনা, তা পরীক্ষা করার জন্য স্থানীয় মুক্তিযোদ্ধা আবদুল কাদের এবং আবদুল মন্নানকে সড়কে পাঠানো হয়। সিগন্যালের দায়িত্বে থাকা কাদের এবং মন্নান মহাসড়ক শত্রু মুক্ত বলে রাত ১২টায় মূল বাহিনীকে জানান। তাদের তথ্যের ভিত্তিতে যৌথ গেরিলা বাহিনীর ৩৮ জনের দলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রমের জন্য এগিয়ে যায়। এ সময় সড়কের অপর (পশ্চিম) পাশে গাছের আড়ালে অ্যাম্বুশ পেতে লুকিয়ে থাকা হানাদার বাহিনী তাদের ওপর অতর্কিতে ব্রাশফায়ার শুরু করে । এতে ৯ গেরিলাযোদ্ধা ঘটনাস্থলেই শহীদ হন এবং বেশ কয়েকজন আহত হন। পরিবহনের সুবিধার্থে অনেকের অস্ত্র প্যাকেট করা অবস্থায় থাকায় শত্রুবাহিনীকে মোকাবেলা করা সম্ভব হয়নি। যে কয়েকজনের হাতে অস্ত্র ছিল, তারা পাল্টা হামলা চালিয়ে আত্মরক্ষা করেন। হানাদার বাহিনী এ সময় দুই মুক্তিযোদ্ধাকে বন্দি করে নিয়ে যায়। পরে তাদের কোনো সন্ধান বা লাশ পাওয়া যায়নি। এক সপ্তাহ পর স্থানীয় লোকজন ধানক্ষেত থেকে শহীদদের গলিত লাশ উদ্ধার করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি গর্ত খুঁড়ে মাটিচাপা দেন। মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ে ২৮ নভেম্বর জগন্নাথদীঘি অঞ্চল শত্রুমুক্ত হয়। পরদিন ২৯ নভেম্বর জানাজা দিয়ে মহাসড়কের পশ্চিম পাশে দ্বিতীয়বার দাফন করা হয়।


















































