
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার হোমনা উপজেলায় ডাকাত ও পুলিশের মধ্যে ব্যাপক গুলিবর্ষনের ঘটনায় আহত ডাকাত ডালিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
রোববার (১৩ নভেম্বর) ভোরে ডালিম মৃত্যুবরণ করে।
কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসাইন দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকায় মরদেহের ময়নাতদন্তের পর লাশ কুমিল্লায় আনা হবে। তবে কে বা কারা ডাকাত ডালিমকে ঢামেকে নিয়ে গেছে তারা আমরা জানি না।
উল্লেখ্য যে, শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় হোমনার কালীগঞ্জ এলাকার মেঘনা নদীর একটি চরে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুই ডাকাত মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে মো. রবিউল (২৮) এবং একই এলাকার বাদশা মিয়ার ছেলে মো. জুয়েলকে (২৮) আটক করে নিয়ে আসার পথে অন্য একটি স্প্রিড বোডে করে আসা এক দল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় দুপক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়। এসময় ৪ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এছাড়া আটক হওয়া দুই ডাকাতও আহত হয়। এ সময় পালিয়ে যাওয়া ডাকাত দলের কয়েকজন সদস্যও আহত হয়। এদের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে।
আটক হওয়া ডাকাতদের কাছ থেকে একটি এল জি, একটি ৭ পয়েন্ট ৬৫ চাইনিজ পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, ১১ টি কার্তুজ, সাতটি বোমা, তিনটি রাম দা’, একটি বড় ছোরা, তিনটি স্পিড বোট, ৪টি হেলমেট এবং ১০ টি লাইফ জ্যাকেট উদ্ধার করে পুলিশ।

















































