মোঃ বেলাল হোসাইন :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ফাতেমা আক্তার সোনিয়া নামের এক প্রসূতি নিহত ও নবজাতকসহ অপর সাতজন আহত হয়েছেন। নিহত ফাতেমা উপজেলার চিওড়া ইউনিয়নের কবরুয়া গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। গতকাল রোববার দুপুরে উপজেলা সদরের ফালগুনকরা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হচ্ছেন; চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের আব্বাস আলীর ছেলে আলা উদ্দিন(২৮), একই গ্রামের কাদের মিয়ার স্ত্রী খালেদা আক্তার(৪০), বড় মিয়ার মেয়ে জাহেদা বেগম(৪০), কবরুয়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী শাহেনা বেগম, ছেলে সাদ্দাম (৩১) ও মাইক্রোবাস চালক পৌরসভার নোয়াপাড়া গ্রামের মোঃ খোকন(৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চৌদ্দগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে সিজারে বাচ্চা প্রসব শেষে তিনদিন পর ছাড়পত্র নিয়ে ফাতেমা আক্তারসহ স্বজনরা রোববার দুপুর ১২টায় মাইক্রোবাসযোগে(ঢাকামেট্রো-চ-১১-১৬২৯) বাড়ি ফিরছিলেন। এ সময় উল্টো রাস্তা দিয়ে দ্রুত গতিতে আসা এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাস(ঢাকামেট্রো-ব-১১-০৫৮৩) মাইক্রোবাসটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সম্মুখ অংশ ধুমড়ে-মুছড়ে যায়। ঘটনাস্থলে মাইক্রোবাসের যাত্রী প্রসূতি ফাতেমা আক্তার সোনিয়াসহ ৭ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা নেয়ার পথে ফাতেমা আক্তার সোনিয়ার মৃত্যু হয়।


















































