মানিকগঞ্জে আলোচিত বিল্লাল হোসেন হত্যার মূল পরিকল্পনাকারী সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব ৪। সোমবার রাতে রাজধানীর গাবতলী এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে র্যাব ৪ এর সদস্যরা। র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার মো. শামছুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৪ এর মেজর মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল সোমবার রাতে পারভেজ হোসেন ওরফে সুমনকে গ্রেপ্তার করে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় র্যাব ৪ এর মিরপুরের পাইকপাড়া কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম সুমনকে গ্রেপ্তারের বিষয়ে জানান, র্যাব ৪ এর একটি দল সোমবার রাতে তাকে আটক করে। আজকে মানিকগঞ্জ জেলা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে।
উল্লেখ গত ২ নভেম্বর বুধবার রাত সাড়ে ৮টার দিকে হরিরামপুর উপজেলার মাচাইন বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কম্পানির স্থানীয় ব্রাঞ্চ ম্যানেজার বিল্লাল হোসেন। এ সময় রাস্তায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ খালের পানিতে ফেলে রাখে। মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাকে স্থানীয় ইকলাছ মাতবরের বখাটে ছেলে সুমন (১৮) বিল্লালকে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার দাবি করে আসছে।


























































